যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন
আগেই ফলাফল মেনে না নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
ডোনাল্ড ট্রাম্প
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ০১:৫৮ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ | ০১:৫৮
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগেই ফলাফল মেনে নেওয়ার বিষয়ে শর্ত জুড়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের নির্বাচন সামনে রেখে তাঁর এমন বক্তব্যে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গত মঙ্গলবার টেক্সাসে এক সমাবেশে ট্রাম্প বলেন, আমি ফলাফল মেনে নেব, যদি নির্বাচন সুষ্ঠু হয়।
এর আগে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলেছিলেন তিনি। তবে রিপাবলিকান নেতারা, আদালত এবং তাঁর নিজের বিচার বিভাগও সেই অভিযোগের পক্ষে প্রমাণ পাননি।
এবারও নির্বাচনের আগে ভোটব্যবস্থা নিয়ে সন্দেহ ছড়ানোর অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। টেক্সাসসহ কয়েকটি রাজ্যে নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণের উদ্যোগ এবং ভোটার নিবন্ধন ও পরিচয়পত্র-সংক্রান্ত আইন পাসের দাবিও তুলেছেন তিনি। সমালোচকদের আশঙ্কা, এসব উদ্যোগ ভোটাধিকার সীমিত করতে পারে।
আলাস্কায় রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভান পরাজিত হলে তাঁর নির্বাচনের ফল অনুমোদন ঠেকাতে বিচার বিভাগকে মামলা করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। একই নামের আরেক প্রার্থী ড্যানিয়েল জে. সুলিভানের উপস্থিতিতে ভোটাররা বিভ্রান্ত হতে পারেন বলে তাঁর দাবি।
সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই
মিশিগানে সিনেটের একটি আসনের লড়াইয়ে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট আবদুল এল সায়েদ। নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হবেন ৪১ বছর বয়সী সায়েদ। রজার্স তাঁকে ইসলামী উগ্রবাদের প্রতি সহানুভূতিশীল হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। ট্রাম্পও সায়েদকে মুসলিম উগ্রপন্থি বলে অভিযোগ করেছেন। তবে সায়েদ এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
সর্বজনীন স্বাস্থ্যসেবাসহ সায়েদের প্রগতিশীল নীতিরও বিরোধিতা করছেন রজার্স। সায়েদের প্রচারশিবিরের দাবি, এসব আক্রমণের উদ্দেশ্য ভোটারদের বিভ্রান্ত করা।
তবে বিশ্লেষকদের ধারণা, সায়েদকে করা এসব আক্রমণ আরব-আমেরিকান অধ্যুষিত এলাকাগুলোয় ডেমোক্র্যাটদের ভোটার উপস্থিতি বাড়াতে ভূমিকা রাখতে পারে।
ফক্স নিউজের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
মধ্যবর্তী নির্বাচনের আগে ফক্স নিউজের সংবাদ পরিবেশনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। তাঁর অভিযোগ, চ্যানেলটি রিপাবলিকান প্রার্থীদের গুরুত্ব দিচ্ছে না এবং ডেমোক্র্যাট প্রার্থীদের বেশি সময় দিচ্ছে। বিশেষ করে এল সায়েদের সাক্ষাৎকার প্রচার করায় নেটওয়ার্কটির সমালোচনা করেছেন তিনি। ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী পিটার নাভারো সমর্থকদের ফক্স নিউজ দেখা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
ওবামার পাল্টা প্রচার
অন্যদিকে, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাচনী প্রচারে ডেমোক্র্যাটদের পক্ষে ভোট চাচ্ছেন। ডেট্রয়েটে তিনি ট্রাম্প প্রশাসনের বিশৃঙ্খলা, দুর্নীতি ও অদক্ষতার সমালোচনা করে পরিবর্তনের আহ্বান জানান। বিপরীতে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধির স্বর্ণযুগে প্রবেশ করা দেশ হিসেবে তুলে ধরছেন।
বিশ্লেষকদের মতে, নির্বাচনে ডেমোক্র্যাটরা বড় জয় পেলে ফল নিয়ে ট্রাম্পের হস্তক্ষেপের সুযোগ সীমিত হতে পারে। তবে ব্যবধান কম হলে নির্বাচনের ফল নিয়ে দীর্ঘ আইনি লড়াই শুরু হতে পারে। এতে সিনেটের নিয়ন্ত্রণ নির্ধারণে কয়েক সপ্তাহ বিলম্বের আশঙ্কাও রয়েছে। খবর রয়টার্স ও সিএনএনের।
- বিষয় :
- যুক্তরাষ্ট্র
- নির্বাচন
- ডোনাল্ড ট্রাম্প