কাতারের বিরুদ্ধে ইসরায়েলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ লিকুদের
লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ২০:১৪ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ | ২০:১৬
ইসরায়েলের নির্বাচনে কাতারের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলেছে বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। তাদের সন্দেহ দোহা আরব দলগুলোকে অর্থায়নের মাধ্যমে ফলাফলে প্রভাব ফেলেছে। বিষয়টি তদন্তে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতকে অনুরোধ করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিটি (সিইসি)।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার হিব্রু ভাষার একাধিক গণমাধ্যম লিকুদ পার্টির অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এরপর শিন বেত বিষয়টি সিইসি-তে জানায়। সংস্থাটির চেয়ারম্যান নোয়াম সলবার্গ পরে তদন্তের অনুরোধ করেন। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগও অভিযোগগুলো তদন্তের আহ্বান জানিয়েছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, আরব-ইসরায়েলি সম্প্রদায়ের সবাইকে যেন এ অভিযোগের কারণে কলঙ্কিত করা না হয়।
কাতার এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, ইসরায়েলের কয়েকজন রাজনীতিক ও গণমাধ্যমে তাদের ঘনিষ্ঠ ব্যক্তিদের পক্ষ থেকে অভিযোগটি তোলা হয়েছে। পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ার আশঙ্কায় নেতানিয়াহুর শিবির কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ করেছে।
হারেৎজের প্রতিবেদন অনুযায়ী, রাত ৮টা পর্যন্ত ৯৭ শতাংশ ভোট গণনা হলেও স্পষ্ট কোনো পক্ষ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আংশিক ফলাফলে পার্লামেন্টে আরব ব্লকের দুটি দলের (রাআম, জয়েন্ট লিস্ট) শক্তিশালী অবস্থানের আভাস পাওয়া গেছে। তারা সরকার গঠনের ভূমিকা রাখতে পারে। এমন সময় নেতানিয়াহু শিবির থেকে কাতারকে নিয়ে অভিযোগ উঠলো।
রাআমের প্রধান মানসুর আব্বাস অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন। আর কাতারের মুখপাত্র আল-আনসারি বলেন, ‘তারা দোহার বিরুদ্ধে বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের রাজনৈতিক বামপন্থি ও নির্বাচনী প্রচারে আরব ভোটারদের কিনে নেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছে। এগুলো হাস্যকর ও বিপজ্জনক।’
এএফপির প্রতিবেদন অনুযায়ী, কাতার সংশ্লিষ্ট অভিযোগ নিয়ে নেতানিয়াহু নিজেও বিতর্কের মধ্যে আছেন। গত বছর দোহার কাছে থেকে অর্থ নেওয়ার অভিযোগে তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। নেতানিয়াহু বছরের পর বছর ধরে পরোক্ষভাবে হামাস-শাসিত গাজার জন্য কাতারের অর্থায়নকে সমর্থন দিয়ে এসেছেন। তাঁর আশা ছিল, এর মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে।
- বিষয় :
- কাতার
- ইসরায়েল
- নির্বাচন
- অভিযোগ
- বেনিয়ামিন নেতানিয়াহু