ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী ট্যাংকারে আগুন
×
×

ফাইল ছবি- এএফপি

আরব নিউজ

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ | ১০:৫৩

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় সমুদ্রের মাইনে আঘাত লেগে অন্তত চারটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরেছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার দেশটির পক্ষ থেকে এ দাবি করা হয়। এর এক দিন আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছিল, তারা ওই নৌপথের গুরুত্বপূর্ণ চলাচলপথগুলো মাইনমুক্ত করেছে। 

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় তিনটি তেলবাহী ট্যাংকার অনুমোদনহীন দক্ষিণের পথ দিয়ে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করে। এ সময় সেগুলো সমুদ্রের মাইনে আঘাত পেয়ে বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়।

বিবৃতিতে আরও বলা হয়, জাহাজগুলো তাদের রাডার ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখেছিল এবং আইআরজিসি নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করেছিল। তবে কখন এসব ঘটনা ঘটেছে কিংবা ট্যাংকারগুলো কোন দেশের পতাকাবাহী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বৃহস্পতিবার ইরানের সেনাবাহিনী জানায়, প্রণালির পূর্ব দিকে আরেকটি ট্যাংকারে আগুন ধরেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বলা হয়, নিষিদ্ধ ও বিপজ্জনক এলাকায় অবৈধভাবে চলাচলকারী জাহাজটি নৌমাইনে আঘাত পেয়ে ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যাওয়ায় অচল হয়ে পড়ে।

সাম্প্রতিক সময়ে ইরান একাধিক জাহাজের সমুদ্রের মাইনে আঘাত পাওয়ার খবর জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান পরিচালনাকারী যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছে, প্রধান নৌপথগুলো থেকে সব মাইন সরিয়ে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেন্টকমের দাবির সমালোচনা করে বলেন, শুধু বিবৃতি নয়, স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ দিয়ে হরমুজ প্রণালি মাইনমুক্ত করার দাবি প্রমাণ করতে হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে কৌশলগতভাবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কঠোরভাবে সীমিত করেছে ইরান। বিশ্বের মোট তেল ও গ্যাস ব্যবহারের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই নৌপথ দিয়ে পরিবহন করা হয়।

এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে এবং ট্যাংকারগুলোকে প্রণালি পার হতে সহায়তা করছে। রোববার সেন্টকম জানায়, গ্রীষ্মকাল থেকে হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় দেশগুলোর ১৫০ কোটি ব্যারেল তেল রপ্তানিতে তারা সহায়তা করেছে।

আরও পড়ুন

×