ভ্যান, জেট ও মোসাদ: যেভাবে ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো
যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জেট থেকে নামেন ফ্লাভিও বলসোনারো। গত ২৮ অক্টোবর মিয়ামিতে। ছবি: এএফপি
মিডল ইস্ট আই
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ১৮:২৪ | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ | ১৮:২৬
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়া প্রার্থী ফ্লাভিও বলসোনারো আর্জেন্টিনা হয়ে দেশ ছেড়েছিলেন। এ কাজে তাঁকে সহায়তা করেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক সাবেক এজেন্ট।
একটি নিরাপত্তা সংস্থার তদন্তের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে সিএনএন ব্রাজিল। বিদেশ ভ্রমণে ফ্লাভিওর ওপর আদালতের নিষেধাজ্ঞা ছিল। পালিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তিনি দেশটির নাগরিকত্ব নিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আগেই ফ্লাভিওকে উদ্ধার অভিযানের পরিকল্পনা করা হয়েছিল। এর সঙ্গে আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্রের কয়েকজন ব্যক্তি জড়িত ছিলেন।
মোসাদের সাবেক ওই কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি। দ্বিতীয় দফার ভোটের ছয়দিন আগে গত ১৯ অক্টোবর তিনি ব্রাজিলে পৌঁছান। পরে রাজধানী ব্রাসিলিয়া থেকে ফ্লাভিওকে সঙ্গে নিয়ে আর্জেন্টিনা সীমান্তে যান।

নিরাপত্তা ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ব্রাজিলের তদন্তকারীরা দুটি বাণিজ্যিক ভ্যানের গতিপথ শনাক্ত করেন। ভ্যান দুটি ব্রাজিলের ফোজ দো ইগুয়াসু ও আর্জেন্টিনার পুয়ের্তো ইগুয়াসুকে যুক্ত করা তানক্রেদো নেভেস সেতু পার হয়েছিল।
একটি ভ্যানে ফ্লাভিও ও মোসাদের সাবেক এজেন্ট ছিলেন। অন্যটিতে ছিলেন ফ্লাভিওর স্ত্রী ও দুই মেয়ে। ভ্যান দুটির চালকদের একজন ফোজ দো ইগুয়াসুর সাবেক পৌর কাউন্সিলর। অন্যজন তাঁর ছেলে।
আর্জেন্টিনায় পৌঁছানোর পর ফ্লাভিওর পরিবারের সদস্যরা গালফস্ট্রিম জি৪০০ প্রাইভেট জেটে ওঠেন। এটি পরিচালনা করে আর্জেন্টিনার উড়োজাহাজ সংস্থা বায়রেস ফ্লাই। ফ্লাভিওদের নিয়ে উড়োজাহাজটি এরপর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়। পথে জ্বালানি নিতে ইকুয়েডরে থামে। গত বুধবার সকালে সেটি মায়ামির কাছের একটি বিমানবন্দরে অবতরণ করে।
- বিষয় :
- ব্রাজিল
- আর্জেন্টিনা
- মোসাদ
- যুক্তরাষ্ট্র