আলাস্কার সিনেট নির্বাচনে ট্রাম্প প্রশাসনের মামলা খারিজ
আলাস্কায় রিপাবলিকান দলের বর্তমান সিনেটর ড্যান এস সুলিভান পুনর্নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।। ছবি: গেটি ইমেজেস
বিবিসি
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১২:০৪
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনে একই নামে দুই প্রার্থী থাকায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরির আশঙ্কায় ট্রাম্প প্রশাসনের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
মার্কিন বিচার বিভাগের (জাস্টিস ডিপার্টমেন্ট) দায়ের করা মামলায় দাবি করা হয়েছিল, ব্যালট পেপারে ‘ড্যান সুলিভান’ নামে দুজন প্রার্থী থাকায় ভোটাররা বিভ্রান্ত হতে পারেন। এতে বর্তমান রিপাবলিকান সিনেটর ড্যান এস. সুলিভানের ভোট কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তবে মার্কিন ডিস্ট্রিক্ট জজ শ্যারন গ্লিসন মামলাটি খারিজ করে বলেন, আলাস্কার ব্যালট আলাদা করা কিংবা সেগুলো নিয়ে তদন্তের নির্দেশ দেওয়ার এখতিয়ার কেন্দ্রীয় সরকারের নেই।
রায়ে বিচারক উল্লেখ করেন, ড্যানিয়েল জে. সুলিভানের পক্ষে দেওয়া ভোটগুলো কীভাবে আলাদা করা হবে এবং ভোটারদের গোপনীয়তা বজায় রেখে কীভাবে তদন্ত চালানো হবে, সে বিষয়ে সরকার কোনো কার্যকর পরিকল্পনা দিতে পারেনি।
বিচারক আরও বলেন, আলাস্কার ভোটারদের গোপন ব্যালটে ভোট দেওয়ার অধিকার রয়েছে। ভোটারদের দেওয়া ব্যালট আলাদা করে তদন্তের প্রস্তাব সেই গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। এ ছাড়া মঙ্গলবার নির্বাচনের মাত্র দুই দিন আগে মামলাটি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে বিপুলসংখ্যক ভোটার আগাম ভোট দিয়েছেন। শনিবার পর্যন্ত অঙ্গরাজ্যটির নিবন্ধিত ভোটারদের প্রায় ১৫ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন।
মামলা খারিজের দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে মার্কিন বিচার বিভাগ নবম সার্কিট আপিল আদালতে আপিলের ঘোষণা দেয়। বিচার বিভাগের দাবি, ভোটারদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে একই ধরনের নামের প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। তবে মামলাটি খারিজ হওয়ায় এই অভিযোগের সত্যতা নিয়ে আদালত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি।
গত ২২ অক্টোবর বিচার বিভাগ মামলাটি দায়ের করে। এতে আলাস্কা কর্তৃপক্ষকে এমন পরিস্থিতিতে নির্বাচনের ফল অনুমোদন (সার্টিফিকেশন) বন্ধ রাখার অনুরোধ জানানো হয়, যেখানে ড্যান এস. সুলিভান পরাজিত হলেও অন্য ড্যান সুলিভানের পাওয়া ভোট যোগ করলে তিনি জয়ী হতে পারতেন।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি নিজেই বিচার বিভাগকে মামলাটি দায়েরের নির্দেশ দিয়েছিলেন। অন্যদিকে বর্তমান রিপাবলিকান সিনেটর ড্যান এস. সুলিভান রোববার সিএনএনকে বলেছেন, আমি নির্বাচনের ফলাফল মেনে নেবেন।
এই নির্বাচনে রিপাবলিকান ড্যান এস. সুলিভান, স্বতন্ত্র প্রার্থী ড্যানিয়েল জে. সুলিভান জুনিয়র, ডেমোক্র্যাট মেরি পেল্টোলা এবং রিপাবলিকান জেরাল্ড হেইকস প্রতিদ্বন্দ্বিতা করছেন। ড্যানিয়েল জে. সুলিভান জুনিয়র পিটার্সবার্গের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক।
গত সপ্তাহে দ্য নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, ডেমোক্র্যাট দলের কয়েকজন নির্বাচনী সংগঠক রিপাবলিকান সিনেটরের ভোট ভাগ করতে একই ধরনের নামের প্রার্থী খুঁজতে কাজ করেছিলেন। তবে এ বিষয়ে পেল্টোলা ব্যক্তিগতভাবে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। রয়টার্সও ওই প্রতিবেদনের তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
নির্বাচনে কথিত প্রার্থী নিয়োগের প্রচেষ্টা নিয়ে কেন্দ্রীয় ও অঙ্গরাজ্য পর্যায়ে পৃথক তদন্ত চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করা হয়নি।
মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনে আলাস্কার এই সিনেট আসনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, এই আসনের ফলাফলসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনের ফলের ওপর মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নির্ভর করছে।