বৃহত্তর জাতীয় সরকার গঠনে আগ্রহী নেতানিয়াহু, থাকতে চান প্রধানমন্ত্রী
নেতানিয়াহুর সুরে পরিবর্তন
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
টাইমস অব ইসরায়েল
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ১১:০৫
ইসরায়েলে নতুন সরকার গঠনের বিষয়ে অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, তার নেতৃত্বে একটি ‘বিস্তৃত জাতীয় সরকার’ গঠনে তিনি আগ্রহী। বিদায়ী জোটের উগ্র ডানপন্থী ও অতি-ধর্মীয় দলগুলোকে বাদ দিয়ে সরকার গঠনের পরিকল্পনা নেই তার। তবে নতুন সরকার গঠিত হলে তার নেতৃত্ব নিজেকেই দিতে হবে বলে শর্ত দিয়েছেন তিনি।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু এ অবস্থানের কথা জানান। এর আগে গত ২৮ অক্টোবর নির্বাচনের পর লিকুদ পার্টির সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি ‘শক্তিশালী জাতীয়তাবাদী ডানপন্থী জোট’ গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নতুন বক্তব্যে তার অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
পোস্টে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের জনগণ এমন কোনো সরকার চায় না, যে সরকার রা’আম বা জয়েন্ট লিস্টের ওপর নির্ভরশীল হবে। তার অভিযোগ, এসব দল সন্ত্রাসবাদকে সমর্থন করে এবং ইহুদি রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করে।
নেতানিয়াহু আরও বলেন, ‘প্রথম দিন থেকেই একটি বিস্তৃত জাতীয় সরকার গঠনের জন্য আমরা হাত বাড়িয়ে রেখেছি।’
তিনি দাবি করেন, ইহুদি জনগোষ্ঠীর স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ অংশ নির্বাচনে লিকুদকে বৃহত্তম দল হিসেবে বেছে নিয়েছে এবং তাকেই পরবর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য ভোট দিয়েছে।
গত সপ্তাহের নির্বাচনে ২৭টি আসন পেয়ে লিকুদ পার্টি সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হয়েছে। তবে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তার সমর্থক জোটের আসনসংখ্যা ৫৩। অন্যদিকে ইহুদিদের নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে ৪৮টি আসন এবং আরবদের নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে ১৯টি আসন।
নেতানিয়াহু তার পোস্টে বলেন, যেসব দল সন্ত্রাসবাদকে সমর্থন করে না, তাদের সবাইকে নিয়ে অংশীদারদের সঙ্গে একটি বিস্তৃত সরকার গঠনের চেষ্টা করছেন তারা।
তবে নেতানিয়াহুর নেতৃত্বে সরকার গঠনের সম্ভাবনা নিয়ে বিরোধী দলগুলোর অবস্থান এখনো অনড়। জায়েশার, বিয়াখাদ, দ্য ডেমোক্র্যাটস ও ইসরায়েল বেইতেনু-এই চারটি জায়নবাদী বিরোধী দলই নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছে।
- বিষয় :
- ইসরায়েল
- বেনিয়ামিন নেতানিয়াহু
- সরকার