নেতানিয়াহুকে সরাতে বিরোধী জোটের বৈঠক
বিরোধী দলের নেতাদের বৈঠক। ছবি- ইয়াশার সৌজন্যে
টাইমস অব ইসরায়েল
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ | ০৩:৩১
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী চারটি ইহুদি দলের নেতারা বৈঠক করেছেন। মঙ্গলবার করা বৈঠকে তারা অবিলম্বে জোট গঠনের আলোচনা শুরু এবং আগামী সপ্তাহে নতুন নেসেটের (পার্লামেন্ট) শপথ গ্রহণের আগে সংসদীয় কৌশল সমন্বয়ের বিষয়ে সম্মত হয়েছেন।
তবে আরব দলগুলোকে বাদ দিয়ে বিরোধী ইহুদি দলগুলো কীভাবে সরকার গঠন করবে, সে বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
এক যৌথ বিবৃতিতে ইয়াশার নেতা গাদি আইজেনকট, বি’ইয়াহাদের চেয়ারম্যান নাফতালি বেনেট, ডেমোক্র্যাটসের প্রধান ইয়ার গোলান এবং ইসরায়েল বেইতেনুর প্রধান অ্যাভিগদার লিবারম্যান দ্রুত পদক্ষেপ নিয়ে নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরানোর অঙ্গীকার করেছেন। তাঁরা আইজেনকটের প্রস্তাবিত চারটি মূলনীতির ভিত্তিতে কাজ করার ঘোষণা দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, স্বাধীনতার ঘোষণার মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা, সবার জন্য বাধ্যতামূলক সামরিক সেবা নিশ্চিত করা এবং হামাসকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়ে গাজা উপত্যকায় তাদের সামরিক সক্ষমতা ধ্বংস ও শাসনের অবসান ঘটানোর বিষয়ে তাঁরা একমত হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘দলগুলোর নেতারা ঐক্যবদ্ধ। তারা ৭ অক্টোবরের সরকারকে হটিয়ে একটি জাতীয় জরুরি সরকার গঠন এবং নেসেটে থাকা স্পষ্ট সংসদীয় সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগাতে অবিলম্বে পদক্ষেপ নেবেন।’
গত সপ্তাহের নির্বাচনে নেতানিয়াহুর জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তবে তার জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে বিরোধী ইহুদি দলগুলো জিতেছে ৪৮টি আসন। দুটি আরব দলের সমর্থন ছাড়া বিরোধী জোটের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব নয়। আরব দল দুটি সম্মিলিতভাবে ১৯টি আসন পেয়েছে। ফলে নতুন সরকার গঠনের পথ এখনো অনিশ্চিত।
ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে সরকার গঠনের প্রথম দায়িত্ব বা ম্যান্ডেট যাতে আইজেনকট পান, সে বিষয়ে বিরোধী নেতারা তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
- বিষয় :
- ইসরায়েল
- নেতানিয়াহু