ইউরোপজুড়ে ফ্লাইটে বোমা হামলার হুমকি, গন্তব্য বদলাচ্ছে উড়োজাহাজ
গন্তব্য পরিবর্তন করে বৃহস্পতিবার ফ্রান্সে অবতরণ করে রোমগামী অ্যার লিঙ্গাসের একটি ফ্লাইট। ছবি: দ্য গার্ডিয়ানের সৌজন্যে
এএফপি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ২০:২৪ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ | ২০:৩০
ইউরোপজুড়ে বৃহস্পতিবার অন্তত ১৪টি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বাণিজ্যিক উড়োজাহাজকে নিরাপত্তা দিতে যুদ্ধবিমান মোতায়েন করেছে ফ্রান্স, ইতালি ও বুলগেরিয়া।
ফ্লাইট পরিচালনাকারী সংস্থাগুলো জানিয়েছে, চলতি সপ্তাহে তৃতীয় দিনের মতো এমন ঘটনা ঘটেছে। ভুয়া হুমকির শিকার ফ্লাইটগুলোর বেশিরভাগই স্বল্প খরচের। সেগুলোর গন্তব্য কিংবা উড্ডয়নের বিমানবন্দর ছিল বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র ও ইতালিতে।
বৃহস্পতিবার ফিনল্যান্ডের হেলসিঙ্কি থেকে রোমগামী ফিনএয়ারের একটি ফ্লাইটকে পাহারা দিয়ে নিয়ে যায় ইতালির বিমানবাহিনীর যুদ্ধবিমান। আয়ারল্যান্ডের ডাবলিন থেকে রোমগামী অ্যার লিঙ্গাসের একটি ফ্লাইটকে নিরাপত্তা দেয় ফরাসি যুদ্ধবিমান। পরে সেটি প্যারিসের বাইরের একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করে।
হুমকি পাওয়া আরও তিনটি উড়োজাহাজকে পাহারা দেয় বুলগেরিয়ার বিমানবাহিনী। সেগুলোর গতিপথ পরিবর্তন করা হয়। তবে বিস্ফোরক কিছু পাওয়া যায়নি।
গত তিনদিনে সব মিলিয়ে ২০টি হুমকির ঘটনা ঘটেছে। সর্বোচ্চ সাতবার পেয়েছে আয়ারল্যান্ডের রায়ানএয়ার। অন্যগুলোর মধ্যে আছে- হাঙ্গেরির উইজ এয়ার, আয়ারল্যান্ডের অ্যার লিঙ্গাস, ফিনল্যান্ডের ফিন এয়ার, যুক্তরাজ্যের ইজি জেট ও গ্রিসের স্কাই এক্সপ্রেস।
বৃহস্পতিবার রায়ানএয়ারের তিনটি ফ্লাইটে বোমা হামলার হুমকি ছিল। স্পেনের মাদ্রিদ, ডেনমার্কের কোপেনহেগেন ও যুক্তরাজ্যের লন্ডন থেকে সেগুলোর গন্তব্য ছিল বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায়।
হুমকিগুলোর উৎস ও উদ্দেশ্য জানা যায়নি। তবে ইউরোপে সম্প্রতি হাইব্রিড হামলার ঘটনা বেড়েছে। এসব হামলার সঙ্গে কখনো কখনো রাশিয়া বা ইরানের সংশ্লিষ্টতার সন্দেহ করেছে কর্তৃপক্ষ।
ফ্রান্সের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা বিষয়ক মহাসচিব নিকোলা রোশে গত মাসে পার্লামেন্টে বলেন, ইউরোপে নানা ধরনের হাইব্রিড হামলার বিস্তার দেখা যাচ্ছে। এর মধ্যে আছে নাশকতা, সাইবার হামলা, ড্রোন ও গুপ্তচরবৃত্তি।
বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানিয়েছে, বিভিন্ন ফ্লাইটে একের পর এক ভুয়া বোমা হামলার হুমকির ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো স্পষ্ট নয়। সংস্থাটির পরিবহন বিষয়ক কমিশনার অ্যাপোস্টোলোস জিজিকোস্তাস এক্সে লিখেছেন, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকি অগ্রহণযোগ্য।
- বিষয় :
- বোমা হামলা
- হুমকি
- ফ্লাইট
- উড়োজাহাজ
- ইউরোপ