ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

পৃথিবী মরছে না, একে হত্যা করা হচ্ছে: গ্রেটা থুনবার্গ

জলবায়ু সংকট মোকাবিলায় সরকারগুলোর নিষ্ক্রিয়তার সমালোচনা

পৃথিবী মরছে না, একে হত্যা করা হচ্ছে: গ্রেটা থুনবার্গ
×
×

বৃহস্পতিবার আনতালিয়ায় কপ-৩১-এর সম্মেলনস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন গ্রেটা থুনবার্গ। ছবি-সংগৃহীত

জাহিদুর রহমান, আনতালিয়া (তুরস্ক) 

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৬:৫৩

জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করেছেন সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ। তিনি বলেছেন, পৃথিবী নিজে থেকে ধ্বংস হচ্ছে না, মানুষই একে ধ্বংস করছে। আর কারা এর জন্য দায়ী, তা-ও সবার জানা।

বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সম্মেলনস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রেটা বলেন, ‘পৃথিবী মরছে না, একে হত্যা করা হচ্ছে এবং আমরা জানি কারা এর জন্য দায়ী।’

তিনি বলেন, যাঁদের মানুষের সুরক্ষায় এগিয়ে আসার কথা, তাঁরাই পৃথিবীকে ধ্বংস করছেন। মানুষের সুরক্ষায় কেউ এগিয়ে আসছে না।

রাষ্ট্র ও বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে মানুষের অধিকার লঙ্ঘিত হলে তার বিরুদ্ধে দাঁড়ানো সবার দায়িত্ব বলেও মন্তব্য করেন গ্রেটা। তিনি বলেন, রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানের কারণে যখন মানবাধিকার হুমকির মুখে পড়ে, তখন সবার মানবাধিকার রক্ষায় আমাদেরই সোচ্চার হতে হবে। দায়িত্ব নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

সংবাদ সম্মেলনে গ্রেটার সঙ্গে নেপাল, অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও কানাডার জলবায়ু ও মানবাধিকারকর্মীরাও উপস্থিত ছিলেন। তাঁরাও জলবায়ু সংকট মোকাবিলায় বিভিন্ন দেশের সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন। একই সঙ্গে তুরস্ক থেকে ইসরায়েলে জ্বালানি সরবরাহ বন্ধের আহ্বান জানান।

বক্তারা জলবায়ু সংকটের সঙ্গে মানবাধিকার লঙ্ঘন ও পরিবেশ ধ্বংসের সম্পর্ক তুলে ধরেন। গ্রেটা সতর্ক করে বলেন, রাজনৈতিক নিষ্ক্রিয়তার পরিণতি শুধু পরিবেশ বিপর্যয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।

তিনি বলেন, ‘আমরা এমন এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে আরও গণহত্যা ও পরিবেশবিনাশ ঘটবে। আমাদের মৌলিক অধিকার আরও বেশি খর্ব হবে। মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রও একসময় বিলাসদ্রব্যে পরিণত হবে।’

আন্তর্জাতিক জলবায়ু আলোচনার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন গ্রেটা। তাঁর মতে, পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তা আন্তর্জাতিক সম্মেলনগুলোর মতো মঞ্চেও স্পষ্ট হয়ে উঠছে।

তিনি বলেন, এ ধরনের সম্মেলনে এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্পষ্ট হচ্ছে যে পরিস্থিতি মোটেও নিয়ন্ত্রণে নেই। পৃথিবী মরছে না, একে হত্যা করা হচ্ছে।

২০২১ সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কপ-২৬-এর পর এই প্রথম জাতিসংঘের কোনো জলবায়ু সম্মেলনে অংশ নিচ্ছেন গ্রেটা। ওই সম্মেলনে বিশ্বনেতাদের জলবায়ু প্রতিশ্রুতির সমালোচনা করে আলোচনাগুলোকে ‘ব্লা ব্লা ব্লা’ বলে অভিহিত করেছিলেন তিনি। তাঁর অভিযোগ ছিল, বিশ্বনেতারা একের পর এক প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না।

গত কয়েক বছরে জলবায়ু আন্দোলনের পাশাপাশি ফিলিস্তিনিদের অধিকারসহ বিভিন্ন মানবাধিকার ইস্যুতেও সক্রিয় ভূমিকা রেখেছেন গ্রেটা।

কপ-৩১-এ তাঁর উপস্থিতি ঘিরে সম্মেলনস্থলে ব্যাপক আগ্রহ দেখা গেছে। সংবাদ সম্মেলন শেষে বিভিন্ন দেশের প্রতিনিধি ও অংশগ্রহণকারীরা তাঁর সঙ্গে কথা বলতে ভিড় করেন।

আরও পড়ুন

×