আসামে বাস-ট্রাক সংঘর্ষে ২৩ জন নিহত, আহত ৭
ছবি: সংগৃহীত
এনডিটিভি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬ | ২০:১৯
ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় ট্রাকের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহত ব্যক্তিদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার কাজিরাঙার কাছে রোঙ্গাজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিনিবাসটি বোকাখাত থেকে নগাঁও যাচ্ছিল। পথে একটি কনটেইনার ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে জানা গেছে, গোলাঘাট জেলার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, দুর্ঘটনায় এ পর্যন্ত ২৩ জনের মৃত্যুর বিষয়টি চিকিৎসকেরা নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
দুর্ঘটনার পর মিনিবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। ধ্বংসস্তূপের ভেতর থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
গোলাঘাটের জ্যেষ্ঠ পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা পিটিআইকে বলেন, দুর্ঘটনার পর প্রাথমিকভাবে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে উদ্ধারকাজ চলার সময় একের পর এক মরদেহ উদ্ধার করা হয়। এতে মৃতের সংখ্যা বেড়েছে।
আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য কোহোরা মডেল হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর।
পুলিশ সুপার আরও বলেন, পার্কসংলগ্ন এলাকায় যান চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ অমান্য করে বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। ধারণা করা হচ্ছে, মিনিবাসের চালক নিয়ন্ত্রণ হারালে কনটেইনার ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়।
এদিকে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এক বিবৃতিতে তিনি বলেন, কাজিরাঙার এ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এ দুঃসময়ে আসামের মানুষ তাদের পাশে রয়েছে।
- বিষয় :
- ভারত
- আসাম
- সড়ক দুর্ঘটনা
- নিহত