মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুলের
ছবি: এনডিটিভি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬ | ২০:৫০
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মোবাইল ফোনে আড়ি পেতেছেন বলে অভিযোগ করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। শুক্রবার অনলাইনে একটি অনুষ্ঠানে সমর্থকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই অভিযোগ করেন। খবর এনডিটিভির
রাহুল বলেন, ‘আমার এই ফোনে সব ধরনের প্রমাণ আছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, তিনি আড়ি পেতেছেন।’ এ সময় বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ জানান রাহুল।
ইনস্টাগ্রামে ‘আস্ক মি’ নামে ওই ইন্টারঅ্যাকটিভ সেশনে সমর্থকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। ফোন হাতে তুলে ধরে রাহুল বলেন, ‘প্রমাণ এই ফোনের মধ্যেই রয়েছে। আর প্রধানমন্ত্রী তা জানেন, কারণ আমার ফোনে আড়ি পাতেন তিনি।’
তবে ফোনে আড়িপাতার অভিযোগের পক্ষে যাচাইযোগ্য কোনো প্রযুক্তিগত প্রমাণ উপস্থাপন করেননি কংগ্রেসের এই নেতা।
এর আগেও একাধিকবার ফোনে আড়িপাতার অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী। তাঁর দাবি, পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে তাঁর এবং আরও অনেক রাজনীতিবিদের ফোনে নজরদারি চালানো হয়।
২০২৩ সালে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, তাঁর নিজের ফোনেও পেগাসাস ছিল। অনেক রাজনীতিকের ফোনেই পেগাসাস রয়েছে। গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা আমাকে ফোন করে বলেছেন, ফোনে কী বলছেন, সে বিষয়ে সতর্ক থাকুন। কারণ, আমরা আপনাদের কথাবার্তা রেকর্ড করছি।
তবে নরেন্দ্র মোদির সরকার ওই অভিযোগ অস্বীকার করেছিল।
শুক্রবার রাহুল আবারও বলেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মুখোমুখি বিতর্ক হলেই চূড়ান্তভাবে প্রমাণ হয়ে যাবে, কে ‘বিদেশি শক্তির নিয়ন্ত্রণে এবং দেশবিরোধী’। এ ক্ষেত্রে তাঁর কাছে ‘যথেষ্ট প্রমাণ’ রয়েছে।
গত ১২ দিনের মধ্যে এ নিয়ে সপ্তমবারের মতো প্রধানমন্ত্রী মোদিকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ জানালেন কংগ্রেস নেতা।
রাহুল গান্ধী নির্বাচনী প্রক্রিয়া, বিদেশি হস্তক্ষেপ, জাতীয় নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বারবার উন্মুক্ত আলোচনার দাবি জানিয়ে আসছেন। তবে বিজেপি নেতারা বরাবরই রাহুলের এই বিতর্কের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করে যাচ্ছেন।
- বিষয় :
- মোদি
- রাহুল গান্ধী
- ফোনে আড়িপাতা