ঢাকা রোববার, ২২ নভেম্বর ২০২৬

এক্সপ্লেইনার

স্বর্ণের দরপতন আরও দীর্ঘ হচ্ছে, কেন কমছে দাম?

স্বর্ণের দরপতন আরও দীর্ঘ হচ্ছে, কেন কমছে দাম?
×
×

বিশ্ববাজারে স্বর্ণের দাম চলতি বছর ক্রমাগত কমেছে। ছবি: রয়টার্স/সিএনবিসি নিউজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ১৫:০৬ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ | ১৫:৩৩

এক বছরের ব্যবধানে মুদ্রার উল্টো পিঠ দেখছে স্বর্ণ। নিরাপদ ও মূল্যবান এই ধাতুর দাম বৃদ্ধি ২০২৫ সালে ৫৩ বার নতুন রেকর্ড গড়েছিল। কিন্তু চলতি বছর তা ক্রমাগত কমছে। গত জানুয়ারিতে রেকর্ডকৃত সর্বোচ্চ দামের তুলনায় স্বর্ণের দাম এখন প্রায় এক-তৃতীয়াংশ কম।

এমন পরিস্থিতি স্বর্ণে বিনিয়োগকারীদেরকে দোলাচলের মধ্যে ফেলে দিয়েছে। লন্ডনভিত্তিক বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের বৈশ্বিক পণ্যবাজার গবেষণা বিভাগের প্রধান সুকি কুপার। তাঁর মতে, বছরের শুরুতে কয়েকটি কারণ একসঙ্গে কাজ করায় দাম রেকর্ড উচ্চতায় উঠেছিল। এখন ভিন্ন কিছু কারণ একসঙ্গে কাজ করায় দাম কমছে।

গত ২৮ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৫ হাজার ৫৮৯ দশমিক ৩৮ ডলার। যা সর্বকালের সর্বোচ্চ। গত বুধবার প্রতি আউন্সের দাম ৩ হাজার ৮০০ ডলারের নিচে নেমে আসে। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম দাম এত নিচে নামে।  রোববার তা আরও কমে ৩ হাজার ৫৩৬ দশমিক ৬২ ডলারে দাঁড়িয়েছে।

আগে কেন বেড়েছিল?
২০২২ সাল থেকে স্বর্ণের প্রকৃত চাহিদা বাড়তে থাকে। গয়না, কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগকারীদের কেনাকাটা বাড়ায় দাম নিচে নামার ঝুঁকি কমে যায়। এরপর স্বর্ণসমর্থিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের (ইটিএফ) বিনিয়োগকারীরা স্বর্ণ কেনার দিকে ঝুঁকেন। ইটিএফ হলো এমন একটি তহবিল, যেখানে অনেক বিনিয়োগকারী একসঙ্গে স্বর্ণ কিনে রাখেন।

২০২৫ সালে ইটিএফে স্বর্ণের মজুত প্রায় ৮০০ টন বাড়ে। ফলে বাজারে অতিরিক্ত স্বর্ণ কমে গিয়ে দাম চড়া হয়। ওই বছর ডলারের মানও দুর্বল ছিল। বন্ডের সুদ কম ছিল এবং বিশ্বজুড়ে ঋণ নিয়ে উদ্বেগ ছিল। ফলে অনেকে ডলার বা বন্ডে বিনিয়োগের চেয়ে স্বর্ণ কিনে রাখাকে নিরাপদ মনে করেন। এই চাহিদার কারণে চলতি বছরের শুরুতে দাম রেকর্ড উচ্চতায় ওঠে।

এখন কেন কমছে?
বাজারে স্বর্ণের সাধারণত দুটি রূপ আছে। কখনো এটি গয়না বা শিল্পে ব্যবহারের পণ্য হিসেবে কাজ করে। আবার কখনো বিনিয়োগকারীদের কাছে ডলার বা বন্ডের বিকল্প- অর্থাৎ মুদ্রার মতো নিরাপদ সম্পদে পরিণত হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ডের সুকি কুপারের ব্যাখ্যা অনুযায়ী, বর্তমানে স্বর্ণ মূলত ‘মুদ্রার মতো’ সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে। সে ভূমিকার কারণেই দাম কমছে।

কুপার জানান, গত জানুয়ারিতে রেকর্ডের পর থেকেই দামে পতনের শঙ্কা কাজ করছিল। ফলে বিনিয়োগকারীরা নতুন করে স্বর্ণ কিনবেন কি না তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। একই সময়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে বলে আলোচনা শুরু হয়। অন্যদিকে ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হলে বাজারে নগদ অর্থের ওপর চাপ তৈরি হয়। তখন অনেক বিনিয়োগকারী দ্রুত স্বর্ণ বিক্রি করতে শুরু করেন।

সুকি কুপার জানান, স্বর্ণ সহজে বিক্রি করা যায়। তাই বাজারে চাপ পড়লে বিনিয়োগকারীরা প্রথমেই স্বর্ণ বিক্রি করে নগদ অর্থ তোলেন। এতে স্বর্ণের দাম কমতে থাকে।

সুদ ও ডলারের ভূমিকা
স্বর্ণ নিজে থেকে কোনো সুদ বা লাভ দেয় না। কিন্তু বন্ড, সঞ্চয় বা মানি মার্কেট ফান্ড থেকে সুদ পাওয়া যায়। সুদের হার কম থাকলে বন্ডের লাভও কম হয়। তখন স্বর্ণ বেশি আকর্ষণীয় মনে হয়। কিন্তু সুদ বাড়লে বন্ড থেকে ভালো আয়ের সুযোগ তৈরি হয়।

চলতি বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোর দিকে ঝুঁকেছে। মার্কিন পরামর্শক প্রতিষ্ঠান স্কলার ফিন্যান্সিয়াল অ্যাডভাইজিংয়ের আর্থিক উপদেষ্টা ইভান মিলস বলেন, শেয়ার, বন্ড ও প্রচলিত বিনিয়োগের মিশ্রণ অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। তাই বিনিয়োগকারীরা মনে করছেন, স্বর্ণ ধরে রাখাটা আর লাভজনক নয়।

যেমন- সুদের হার কম থাকার সময় কেউ ১ লাখ টাকার বন্ড কিনলে লাভ কম পাবেন। তখন তার কাছে স্বর্ণ কিনে রাখাটাই নিরাপদ মনে হতে পারে। কিন্তু ব্যাংক বা বন্ডে যখন সুদের হার বাড়ে তখন অনেকে মজুতকৃত স্বর্ণ বিক্রি করে বন্ডের দিকে ঝোঁকেন। ওই সময় স্বর্ণের দাম কমে যায়।

এছাড়া, ডলার শক্তিশালী হলেও স্বর্ণের দাম চাপে পড়ে। কারণ স্বর্ণের আন্তর্জাতিক বাজার মূলত ডলারে নির্ধারিত হয়। ডলার শক্ত হলে অন্য মুদ্রায় স্বর্ণ কেনা তুলনামূলকভাবে ব্যয়বহুল হয়ে যায়। এতে চাহিদা কমার পরিপ্রেক্ষিতে স্বর্ণের দাম চাপে পড়ে।

তথ্যসূত্র: সিএনবিসি নিউজ

আরও পড়ুন

×