দুই জা-এর মধ্যে দৈনিক ঝগড়া, স্ত্রীদের হত্যা করে জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
নিহত রাধিকা কুমারী (২০) ও মিনি প্রিয়া (২৮)। ছবি: এনডিটিভি
এনডিটিভি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ | ১১:০৩ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬ | ১১:৫৪
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলায় পারিবারিক বিরোধের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে দুই সহোদর ভাইয়ের বিরুদ্ধে। হত্যার পর একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি পাশের জেলার জঙ্গলে নিয়ে মাটিচাপা দেন তারা। এ ঘটনায় দুই ভাইয়ের পাশাপাশি তাদের মা-বাবাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত দুই নারী হলেন মিনি প্রিয়া (২৮) ও রাধিকা কুমারী (২০)। অভিযুক্ত দুই ভাই হলেন শিব শঙ্কর সাহু ও নবীন সাহু। তাদের বাবা সমেশ্বর সাহু এবং মা তিলেশ্বরী দেবীকেও গ্রেপ্তার করা হয়েছে।
গুমলার পুলিশ সুপার হারিস বিন জামা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, পেশায় অ্যাম্বুলেন্সচালক শিব শঙ্কর ও তার ভাই নবীন গত সোমবার নিজেদের স্ত্রীদের হত্যা করেন। পরে শিব শঙ্করের অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি পাশের সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে মাটিচাপা দেন।
পুলিশের ভাষ্য, দুই জা-এর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও ঝগড়া চলছিল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তবে হত্যাকাণ্ডের দুই দিন আগে দুই নারীর মধ্যকার বিরোধ মিটমাট হয়ে গিয়েছিল।
পুলিশ সুপার জানান, মঙ্গলবার দুই ভাই প্রথমে পুলিশকে বলেছিলেন, তাদের স্ত্রীরা কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন। তবে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তারা হত্যার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিমডেগা জেলার জঙ্গল থেকে মাটি খুঁড়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, সোমবার সকাল ৯টার দিকে নিহত নারীদের পরিবারের সদস্যরা তাদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। তখন সবকিছু স্বাভাবিক ছিল বলে মনে হয়েছিল তাদের।
এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কুঠার ও মরদেহ পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
- বিষয় :
- ভারত
- স্ত্রীকে হত্যা
- দুই ভাই