১১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে করোনার টিকা বিতরণের আশা
ছবি: ফাইল
লস অ্যাঞ্জেলেস (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০ | ১৩:০২
করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে আশার কথা শোনা গেছে। সংক্রমণ ও মৃত্যুর হারের দিক থেকে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র আগামী ১১ ডিসেম্বর থেকে ভ্যাকসিন বিতরণ শুরু করতে পারে।
যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস ভ্যাকসিন প্রোগ্রামের প্রধান ডা. মোনসেফ স্লাউয়ি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, আগামী ১১ ডিসেম্বরের মধ্যেই প্রথম ধাপে আমেরিকার জনগণ ভ্যাকসিন পেতে পারেন। তিনি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব ভ্যাকসিন সহজলভ্য করার চেষ্টা চলছে।
গত শুক্রবার জরুরি ব্যবহারের অনুমোদন পেতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে মার্কিন ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক। এর আগে যৌথভাবে তৈরি করোনার এই ভ্যাকসিন ‘৯৫ শতাংশ কার্যকর’ বলে দাবি করা হয়েছে।
আগামী ১০ ডিসেম্বর ভ্যাকসিনের বিষয়ে আলোচনা করতে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) ভ্যাকসিন বিষয়ক উপদেষ্টা কমিটির একটি বৈঠকে বসার কথা রয়েছে। এফডিএ যদি ভ্যাকসিনের অনুমোদন দেয় তাহলে ২৪ ঘণ্টার মধ্যেই ভ্যাকসিনটি সরবরাহ করার জন্য প্রস্তুত ফাইজার ও বায়োএনটেক। সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকা স্বাস্থ্যকর্মী এবং বয়স্ক লোকজনরাই এই ভ্যাকসিন আগে পাবেন বলে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্নাও জানিয়েছে যে, তাদের তৈরি ভ্যাকসিন প্রায় ৯৫ শতাংশ কার্যকর। আগামী কয়েক সপ্তাহর মধ্যেই ভ্যাকসিনের অনুমোদন পাওয়া যাবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।
- বিষয় :
- যুক্তরাষ্ট্র
- টিকা পাবে
- ১১ ডিসেম্বর
