বিনামূল্যে স্যানিটারি প্যাড দেবে স্কটল্যান্ড সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০ | ০২:০২ | আপডেট: ২৫ নভেম্বর ২০২০ | ০৩:১১
প্যাডসহ সব ধরনের স্যানিটারি পণ্য বিনামূল্যে সরবরাহ করবে স্কটল্যান্ড সরকার। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের সদস্যরা এ সংক্রান্ত একটি বিলে সর্বসম্মতভাবে অনুমোদন দিয়েছেন।
বিশ্বের প্রথম দেশ হিসেবে এমন দৃষ্টান্ত স্থাপন করল স্কটল্যান্ড। খবর বিবিসির
আইনটির নাম দেওয়া হয়েছে ‘দ্য পিরিয়ড প্রোডাক্টস (ফ্রি প্র্রভিশন) স্কটল্যান্ড বিল’। বিলটি পার্লামেন্টে উত্থাপন করেন সংসদ সদস্য মনিকা লেনন। তিনি ২০১৬ সাল থেকে এই ইস্যুতে প্রচারণা চালিয়ে আসছেন।
মনিকা বলেছেন, করোনা মহামারির সময়ে ফার্মেসি থেকে ট্যাম্পন ও স্যানিটারি প্যাডের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো কেনার অনেকেরই সামর্থ্য নেই। এই কারণে এই সময়ে বিলটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
দুই হাজার তরুণীর ওপর একটি জরিপ পরিচালনা করা হয়েছে। এতে দেখা গেছে, স্কটল্যান্ডের স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রতি চারজন ছাত্রীর মধ্যে একজন প্রয়োজনীয় স্যানিটারি প্যাড পান না।
গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যে প্রায় ১০ শতাংশ মেয়ে পিরিয়ড পণ্য কিনতে পারেন না, ১৫ শতাংশ স্যানিটারি প্যাড কিনতে পারেন খুব কষ্ট করে। বেশি দামের কারণে ১৯ শতাংশ তুলনামূলক কম দামি স্যানিটারি প্যাড ব্যবহার করতে শুরু করেছেন।
গবেষকরা বলছেন, অল্পবয়সী মেয়েদের জন্য এটি একটি ইস্যু। এতে দেখা গেছে, ১৪ থেকে ২১ বছর বয়সী মেয়েদের ৭১ শতাংশ পিরিয়ড পণ্য কিনতে বিব্রতবোধ করেন।
স্কটল্যান্ডে বিলটি অনুমোদনের কারণে এখন থেকে দেশটির বিভিন্ন উন্মুক্ত স্থান যেমন- কমিউনিটি সেন্টার, ইয়ুথ ক্লাব ও ফার্মেসি থেকে ট্যাম্পন ও স্যানিটারি প্যাডের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো বিনামূল্যে নিতে পারবেন নারীরা।
- বিষয় :
- স্যানিটারি প্যাড
- বিল পাস
- বিনামূল্যে
- স্কটল্যান্ড
