ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৫ জনের

সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৫ জনের
×

সেরাম ইনস্টিটিউটের নির্মাণাধীণ ভবনে লাগা আগুনের ফলে ছড়িয়ে পড়া ধোঁয়া -এএনআই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১ | ০৪:০৭ | আপডেট: ২১ জানুয়ারি ২০২১ | ০৭:৩৬

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনেতে ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এসআইআই) একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ভবনটিতে আটকা পড়ে আরও কয়েকজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। 

বৃহস্পতিবার সন্ধ্যায় মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

এদিকে তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস কর্মীরা। বৈদ্যুতিক শটসার্কিটের কারণে এ আগুন লেগে থাকতে পারে বলে জানান তারা। 

পুনের মেয়র মূরলিধর মোহল জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর ওই পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। সম্ভবত নির্মীয়মাণ বাড়িটির ছয়তলায় আটকে পড়েছিলেন তারা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আর বেরতে পারেননি।

নির্মীয়মাণ বাড়িটিতে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, ওই পাঁচ জন ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। শেষ খবর অনুযায়ী, ফায়ার সার্ভিস কর্মীরা ৯ জনকে জীবিত উদ্ধার করেছে। ভিতরে কেউ আটকে আছেন তা দেখছে এখন। 

বৃহস্পতিবার দুপুরে সেরাম ইনস্টিটউটের মঞ্জরি প্ল্যান্টে ১ নম্বর টার্মিনালের গেটের পাশে নির্মাণাধীন একটি ভবন আগুন লাগে। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে ভবনের আরও দু'টি তলায়। এ সময় গোটা এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনে সেরামের টিকা 'কোভিশিল্ড' প্রস্তুতের স্থানটি ক্ষতিগ্রস্ত আশঙ্কা নেই বলে ঘটনার পরপরই এনডিটিভির এক খবর বলা হয়। 

ওই সময় সেরামের সিইও আদার পুনাওয়ালা এনডিটিভিকে বলেন, 'আমরা বিপদগ্রস্ত এক বা দুজনকে উদ্ধারের চেষ্টা করছি। এটিই এখন আমাদের একমাত্র অগ্রাধিকার। ক্ষয়ক্ষতি নিরূপন ও অন্যসব বিষয়ের পর্যালোচনা পরে বিবেচনায় নেব।'

অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ব্রিটিশ-সুইডিশ ফার্ম অ্যাস্ট্রাজেনেকার অংশীদার হয়ে করোনভাইরাস টিকা তৈরি করছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। পুনেতে একশ একর জায়গা নিয়ে গড়ে তোলা হয়েছে বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারী সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্ল্যান্ট।

সূত্র জানায়, যেখানে কোভিড টিকা তৈরি হয় সেই কমপ্লেক্স থেকে কয়েক মিনিটের গাড়ির পথ দূরে আগুন লাগল কমপ্লেক্স 'মঞ্জরি'। এটি একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড)।

উল্লেখ্য, মহামারি মোকাবিলার ভবিষ্যত প্রস্তুতি হিসেবে এসআইআই'র উৎপাদন ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে মঞ্জরি কমপ্লেক্সে আরও আট বা নয়টি নতুন ভবন নির্মিত হচ্ছে।

আরও পড়ুন

×