ড্যানিয়েল পার্লের বিচারের পুরো রিভিউ চান যুক্তরাষ্ট্রের ৩৬ কংগ্রেস সদস্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ০১:৪২
ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ড্যানিয়েল পার্ল হত্যা মামলার পুরো পর্যালোচনা চেয়েছেন যুক্তরাষ্ট্রের ৩৬ জন কংগ্রেস সদস্য। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূতকে পাঠানো এক চিঠিতে তারা ২০০২ সালে সাংবাদিক ড্যানিয়েল পার্ল হত্যা মামলার আসামিদের খালাসের বিষয়ে পূর্ণ পর্যালোচনা দেয়ার জন্য তার দেশকে অবহিত করার আহ্বান জানিয়েছেন।
পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজেদ খানকে লেখা চিঠিতে কংগ্রেস সদস্যরা বলেন, ড্যানিয়েল পার্লের করুণ হত্যার পর থেকে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান বিশেষ করে সুরক্ষা সহযোগিতা, জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রগুলোতে অংশীদারিত্ব বজায় রেখেছে। আমরা এই সম্পর্ককে আরো এগিয়ে নিতে চাই। সে জন্য আপনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশায় রয়েছি। খবর এনডিটিভির
চিঠিতে বলা হয়, এরপরও পাকিস্তানি আদালতে ড্যানিয়েল পার্ল হত্যার আসামিদের খালাস দেয়ার বিষয়ে যেসব তথ্যকে প্রাধান্য দেয়া হয়েছে, সে ব্যাপারে একটি পূর্ণাঙ্গ পর্যালোচনা পাওয়ার ব্যাপারে আমরা আপনার সহযোগিতা কামনা করছি।
পাকিস্তানের সুপ্রিম কোর্ট ২০০২ সালে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক ড্যানিয়েল পার্লকে অপহরণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা আহমেদ ওমর সাদ শেখকে মুক্তি দেওয়ার আদেশ দেয়ার পর যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের কাছ থেকে এ চিঠি এসেছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছিলেন, যুক্তরাষ্ট্র শেখের বিচারের জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারাও এ উদ্যোগকে সমর্থন করেছেন।
রো খান্না এবং ব্র্যাড শেরম্যানের মতো সদস্যদের স্বাক্ষর করা এই চিঠিতে বলা হয়েছে, ২৮ জানুয়ারি পাকিস্তানের পক্ষে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে জারি করা একটি বিবৃতিতে এমন ইঙ্গিত দেয়া হয়েছে যে, আপনার সরকার সুপ্রিম অনুমোদিত খালাস রায়ের পূর্ণ পর্যালোচনা করবে। আমরা রিভিউ পিটিশন দাখিলের সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং আশা করি পাকিস্তান সরকার ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে খালাসের আদেশ প্রত্যাহার করতে দ্রুততার সাথে অগ্রসর হবে।
- বিষয় :
- ওয়াল স্ট্রিট জার্নাল
- ড্যানিয়েল পার্ল
