মাদক সম্রাট গুজম্যানের স্ত্রী এমা গ্রেপ্তার
এমা করোনেল আইসপুরো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১ | ১৩:০৭
এল চাপো (বেঁটে) হিসেবে পরিচিত মেক্সিকোর মাদক সম্রাট হোয়াকুইন গুজম্যানের স্ত্রী এমা করোনেল আইসপুরোকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছে।
ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। খবর এএফপি ও নিউইয়র্ক টাইমসের।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ৩১ বছর বয়সী গুজম্যানের স্ত্রী আইসপুরোর বিরুদ্ধে কোকেন, মেথামফেটামিন, হেরোইন, গাঁজা পাচারে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে। মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ফেডারেল ডিস্ট্রিক্ট আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাকে হাজির করার কথা রয়েছে।
মেক্সিকোর অন্যতম কুখ্যাত মাদক পাচারকারী গোষ্ঠী সিনালোয়া কার্টেলের নেতা ছিলেন গুজম্যান। তিনি যুক্তরাষ্ট্রে শত শত টন মাদক পাচার করেন। মাদক কারবার ঘিরে তার নির্দেশে অনেক মানুষকে হত্যা করা হয়।
গুজম্যানকে ২০১৭ সালে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। প্রত্যর্পণের দুই বছরের মাথায় বিচারে তাকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়। ৬৩ বছর বয়সী গুজম্যান বর্তমানে যুক্তরাষ্ট্রের কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্যমতে, গুজম্যানের স্ত্রী আইসপুরোও
মাদকচক্রে যুক্ত রয়েছেন। মেক্সিকোর কারাগার থেকে তার স্বামী গুজম্যানের
পালানোর দুই দফা ষড়যন্ত্রে সহায়তা করেন তিনি। তার মধ্যে প্রথম দফার
ষড়যন্ত্রে ২০১৫ সালে গুজম্যান কারাগার থেকে পালাতে সক্ষম হন।
- বিষয় :
- মাদক সম্রাট
- গুজম্যানের স্ত্রী
