বিজেপি ক্ষমতায় এলে অরাজকতা থাকবে না, বললেন যোগী
যোগী আদিত্যনাথ
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২১ | ০৮:৩৬
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে ভোট চাইতে এসে নতুন বিতর্ক উস্কে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) থেকে উঠে আসা এই প্রভাবশালী নেতার প্রভাব রয়েছে কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীর মধ্যে। মূলত তাদের ভোট টানতেই যোগীর এই সফর।
মঙ্গলবার দুপুরে মালদা জেলার গাজোল শহরে বিজেপির নির্বাচনী প্রচার সভায় বক্তব্য দেন তিনি। তার বক্তব্যজুড়ে ছিল পশ্চিমবঙ্গে নারী নির্যাতন ও নিরাপত্তাহীনতার প্রসঙ্গ। অথচ নিজের রাজ্যেই নারী নির্যাতনের ভয়াবহ চিত্র বারবার সামনে এসেছে। খবর আনন্দবাজার ও ২৪ ঘণ্টার।
উত্তরপ্রদেশের হাথরসে এক তরুণীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত আসামি জামিনে মুক্ত হয়ে সোমবার রাতে ওই তরুণীর বাবাকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। হাথরসের ওই ঘটনা নিয়ে ভারতজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল। এবার ধর্ষণের আসামির হাতেই ওই তরুণীর বাবার মৃত্যুর অভিযোগ নিয়ে সরব হয়েছে ভারতীয় গণমাধ্যম। এর মধ্যেই যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গে বিজেপির হয়ে ভোট চাইতে এসে নারী নিরাপত্তা নিয়েই তৃণমূলকে আক্রমণ করেন।
নারীদের সুরক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দিকে আঙুল তুলে যোগী বলেন, নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ রাজ্য সরকার। তবে বিজেপি ক্ষমতায় এলে এখানে আর অরাজকতা থাকবে না।
যোগীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল নেতৃত্ব। কারণ, উত্তরপ্রদেশে গত ডিসেম্বরে এক দলিত তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পুরো ভারতে নিন্দার ঝড় উঠেছিল। অথচ যোগী পশ্চিমবঙ্গে এসে বললেন, তার প্রশাসনের ভয়ে অপরাধীরা ত্রস্ত।
তিনি আরও বলেন, 'বিজেপি কর্মীর মাকে তৃণমূলের গুন্ডারা কী নির্মমভাবে পিটিয়েছে! (বাংলার) প্রশাসনের উচিত, অপরাধীকে শাস্তি দেওয়া, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। তবে তার বদলে দলের (তৃণমূল) হয়ে কাজ করছে পুলিশ-প্রশাসন।'
আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপিই ক্ষমতা দখল করবে বলেও জোর দিয়ে বলেছেন যোগী। তিনি বলেন, নিশ্চিত থাকুন, এক মাস সময় রয়েছে। এক মাসের মধ্যে এই ভূমিতে পরিবর্তন আসবে। নির্বাচন কমিশন ভোটের ঘোষণা করে দিয়েছে। ২ মের পর যখন বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার হবে, তখন তৃণমূল এবং কমিউনিস্টদের নামে অরাজকতা সৃষ্টিকারী গুন্ডারা নিজেদের প্রাণের ভয়ে ঘুরবেন।
তবে গেরুয়া শিবিরের পশ্চিমবঙ্গ বিধানসভা দখল নিয়ে আত্মবাসী যোগীকে হাথরসের ঘটনা নিয়ে একহাত নিতে দেরি করেননি সদ্য তৃণমূলে নাম লেখানো ক্রিকেটার মনোজ তিওয়ারি ও অভিনেতা সায়নী ঘোষ।
এক টুইটে মনোজ বলেছেন, 'আবার এক ঘৃণ্য ঘটনা, আবার সেই হাথরাস এবং সেই যোগী আদিত্যনাথ শাসিত উত্তরপ্রদেশ। নিজের ঘর যিনি সামলাতে পারেন না, তিনি আসছেন পশ্চিমবঙ্গে ভোটের প্রচার চালাতে। তিনি কী জবাব দেবেন, কী করে নির্যাতনের শিকার এক তরুণীর বাবাকে সেই নির্যাতনে অভিযুক্ত ১২ বার গুলি করে হত্যা করতে পারে?'
- বিষয় :
- কলকাতা
- যোগী আদিত্যনাথ
