ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

রসায়নে নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জার্মানির দুই বিজ্ঞানী

রসায়নে নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জার্মানির দুই বিজ্ঞানী
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১ | ০৪:২৩ | আপডেট: ০৬ অক্টোবর ২০২১ | ০৭:৫৪

চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন দুই বিজ্ঞানী। তারা হলেন- জার্মানির বেঞ্জামিন লিস্ট ও যুক্তরাষ্ট্রের ডেভিড ম্যাকমিলান।

বুধবার নোবেল কমিটি পুরস্কার বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে।

আনন্দবাজার পত্রিকা বলছে, শেখাতে পড়াতে হয় না। যে কাজটা প্রকৃতি অনবরতই করে চলে নিজের খেয়ালে, অনায়াসে, সেই কঠিনতম কাজটা যে মানুষও করতে পারে সহজেই, তারই পথ দেখিয়ে এবার রসায়নশাস্ত্রে নোবেল পেলেন অধ্যাপক বেঞ্জামিন লিস্ট ও অধ্যাপক ডেভিড ম্যাকমিলান।

এই দু’জনের দেখানো পথই নতুন শতাব্দীতে পা পড়ার পর থেকে অত্যন্ত কার্যকরী নতুন নতুন ওষুধ আবিষ্কারের দরজাটা খুলে দিয়েছে সভ্যতার সামনে। তারই স্বীকৃতিতে জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর কোহলেনফরশুং-এর অধ্যাপক লিস্ট ও আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাকমিলানকে পুরস্কৃত করার কথা বুধবার নোবেল কমিটি ঘোষণা করেছে। ১ কোটি সুইডিশ ক্রোনার অর্থমূল্যের পুরস্কার এবার লিস্ট ও ম্যাকমিলানের মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়া হয়েছে।

দু’জনই এমন পথ খুঁজেছিলেন যাতে নির্ঝঞ্ঝাটে, যেমনটি চাইছি ঠিক সেই ভাবেই দু'টি জৈব অণুর মধ্যে জোড় বাঁধিয়ে কোনও রাসায়নিক বিক্রিয়াকে নিজেদের ইচ্ছেমতো গতিতে এগিয়ে নিয়ে যাওয়া যায়। যাতে চাইলে সেই বিক্রিয়ার গতি বাড়বে। না চাইলে কমানোও যাবে ইচ্ছে মতোই। যে কাজটা প্রকৃতি করে চলে অনায়াসে, অনবরত মানবশরীরে। মানবশরীরকে বলে দিতে হয় না, শেখাতে পড়াতে হয় না, কখন কোন প্রোটিন বা উৎসেচক প্রয়োজন হবে জীবন-রথের চাকাকে তরতরিয়ে গড়িয়ে নিয়ে যেতে।

তাদের লক্ষ্য ছিল, এই কাজটাই যদি আমরা করতে পারি তা হলে যে কোনও ওষুধ তৈরির কাজটা অনেক সহজ হয়ে যেতে পারে। যা চাইছি যেমন চাইছি যে গতিতে চাইছি, সেই ভাবে ওষুধ উৎপাদনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়াগুলিকে ঠিক সেই ভাবে তো ঘটতে দেয় না বাতাসের আর্দ্রতা (জলের উপস্থিতি) আর অক্সিজেনই।

সোমবার চিকিৎসা বিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে চলতি বছর নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।  আগামী ১১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

এবছর তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য এবার চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ডেভিড জুলিয়াস ও আর্ডেম প্যাটাপুটিয়ান।
এ ছাড়া পৃথিবীর জলবায়ু পরিস্থিতির ফিজিক্যাল বা ভৌত মডেল তৈরি, পরিবর্তনশীলতা পরিমাপ এবং নির্ভরযোগ্যভাবে বৈশ্বিক উষ্ণতার বিষয়টি অনুমানের জন্য স্যুকুরো মানাবে ও ক্লাউস হাসেলমান এবং পারমাণবিক ও গ্রহীয় পরিসরে ভৌত ব্যবস্থা বা ফিজিক্যাল সিস্টেমের বিশৃঙখলা ও ফ্লাকচুয়েশন পরস্পরের ওপর কী প্রভাব ফেলে তা আবিষ্কারের জন্য জর্জিও পারিসি পদার্থে নোবেল পেয়েছেন ।

বৃহস্পতিবার সাহিত্যে, শুক্রবার শান্তিতে এবং আগামী সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হবে।

সাধারণত প্রতি বছর ১০ ডিসেম্বর এই পুরস্কারের জনক বিশ্বখ্যাত বিজ্ঞানী আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয়। তবে করোনাভাইরাস মহামারির কারণে গত বছরের মতো এবারও সব অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছে নোবেল কমিটি।


আরও পড়ুন

×