আন্তর্জাতিক ফ্লাইটের আফগান আকাশসীমা ব্যবহার ৮০% কমেছে: তালেবান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২ | ০৭:১২ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২২ | ০৭:১২
তালেবান বলেছে, সাম্প্রতিক মাসগুলোতে আন্তর্জাতিক ফ্লাইটের আফগান আকাশসীমার ব্যবহার ৮০ শতাংশ হ্রাস পেয়েছে এবং এটি আফগান সরকারের আয়ের ওপর প্রভাব ফেলেছে।
আফগানিস্তানের ট্রান্সপোর্ট অ্যান্ড সিভিল এভিয়েশন (এমটিসিএ) মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে টোলোনিউজ জানিয়েছে, ২৪ ঘণ্টায় ৬০ থেকে ৭০টি বিমান দেশটির আকাশসীমার মধ্য দিয়ে যায়। এজন্য আফগানিস্তান প্রতিটি বিমান থেকে ৭০০ ডলার করে আয় করে। খবর এএনআই নিউজের
এমটিসিএ'র উপ-পরিচালক গোলাম জেলানি ওয়াফা বলেন, 'সাম্প্রতিক দিনগুলোতে পরিসংখ্যান বলছে, চব্বিশ ঘণ্টার মধ্যে প্রায় ৬০ থেকে ৭০টি ফ্লাইট আমাদের আকাশসীমা দিয়ে যায়।'
কর্মকর্তারা আরও বলেন যে, কোনো বিদেশি সংস্থা দেশটির বিমানবন্দরগুলোর প্রযুক্তিগত দিক নিয়ন্ত্রণে নিলে, দেশটির আকাশসীমায় ফ্লাইট বাড়বে।
অবশ্য তালেবানরা দেশের বিমানবন্দরগুলোর প্রযুক্তিগত ব্যবস্থাপনা হস্তান্তর করার জন্য বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করছে।
'যদি আমরা ভালো পরিষেবা প্রদান করি, তাহলে আফগানিস্তানের আকাশসীমার মধ্য দিয়ে যাওয়া বিমান সংস্থাগুলোর জন্য সস্তা হবে এবং আমাদের আকাশসীমা দিয়ে যাবে তারা', টোলোনিউজকে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মুখপাত্র এমামুদ্দিন আহমাদি এ কথা বলেন।
এদিকে সাবেক আফগান সরকারের একজন উপমন্ত্রী মনে করেন, আফগানিস্তানের আকাশসীমা নিয়ে বেশিরভাগ আন্তর্জাতিক বিমান সংস্থার নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ রয়েছে।
আফগানিস্তানের সাবেক পরিবহন ও বিমান চলাচল উপমন্ত্রী ইমামুদ্দিন ভারিমাচ, 'বর্তমানে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো আফগানিস্তানের আকাশসীমাকে নিরাপদ মনে করে না, তাই তারা তাদের সব রুট পরিবর্তন করেছে।'
উল্লেখ্য, আফগানিস্তানের ছয়টি বিমান করিডোর রয়েছে যা দক্ষিণ এশিয়াকে মধ্য এশিয়ার সঙ্গে সংযুক্ত করে।
- বিষয় :
- তালেবান
- আন্তর্জাতিক ফ্লাইট
- আফগানিস্তান
