‘মানবিক করিডোর’ ঘোষণার পর মারিওপোল মেয়রের আবেগী বার্তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ০২:৫৫ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ০২:৫৫
দীর্ঘ দশদিন ধরে সামরিক অভিযান পরিচালনার পর ইউক্রেনের দুই শহরে ‘মানবিক করিডোর’ খোলার ঘোষণা দিয়েছে রাশিয়া। ইউক্রেনের বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য দুই শহরে সাময়িক যুদ্ধবিরতিও ঘোষণা করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
দক্ষিণ-পূর্ব ইউক্রেনের দুটি শহর মারিওপোল ও ভলনোভাখারে ‘মানবিক করিডোর’ খোলার ঘোষণা পর ইতোমধ্যেই সামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য কাজ শুরু করেছে দেশটির প্রশাসন। এদিকে এ ঘটনায় একটি আবেগী বিবৃতি দিয়েছেন মারিওপোলের মেয়র ভাদিম বোইচেঙ্কো।
শবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বোইচেঙ্কো বলেন, মারিওপোল কেবল রাস্তা, বাড়ি ও অবকাঠামো নিয়ে গঠিত নয়। শহরের বাসিন্দা রয়েছে।
মারিওপোল মেয়র আরও বলেন, দখলদারদের (রাশিয়ান বাহিনী) ক্রমাগত, নির্মম গোলাগুলির পরিস্থিতিতে, বাসিন্দাদের নিরাপদে মারিওপোল ছেড়ে যাওয়ার সুযোগ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
এর আগে রাশিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, শনিবার মস্কোর স্থানীয় সময় সকাল ১০টায় ইউক্রেনের মারিওপোল ও ভলনোভাখার শহরের বাসিন্দাদের জন্য মানবিক করিডোর খুলে দেওয়া হবে।
