আবারও ভেস্তে গেছে মারিওপোল থেকে উদ্ধার পরিকল্পনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২২ | ০৯:৩৭ | আপডেট: ০৬ মার্চ ২০২২ | ১০:০১
দক্ষিণ-পূর্ব ইউক্রেনের শহর মারিওপোল থেকে বেসামরিক মানুষদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা আবারও ভেস্তে গেছে বলে খবর পাওয়া গেছে।
রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর মারিওপোল থেকে অন্তত ২ লাখ মানুষকে সরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছিল আন্তর্জাতিক রেডক্রস।
মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য কিছু নিরাপদ পথ খোলার জন্য কাজও শুরু করেছিল কয়েকটি টিম। কিন্তু এরই মধ্যে আবারও লড়াই শুরু হয়ে গেছে।
আন্তর্জাতিক রেডক্রস বলছে, রাশিয়া এবং ইউক্রেন বেসামরিক মানুষদের উদ্ধারের ব্যাপারে নীতিগতভাবে একমত হলেও কীভাবে এটা করা হবে, সে বিষয়ে তারা একমত হতে পারেনি।
রেডক্রস আরও জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই এই আলোচনায় সহযোগিতা করছে। কিন্তু দুই পক্ষের মধ্যে কোনো যুদ্ধবিরতি বা এটি বাস্তবায়নের ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারছে না।
