ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পর্দার পেছনের গল্প নিয়ে কোলিন গসেলিনের স্মৃতিকথা

পর্দার পেছনের গল্প নিয়ে কোলিন গসেলিনের স্মৃতিকথা
×

কোলিন গসলিং

সমকাল ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ০৭:১৫

| প্রিন্ট সংস্করণ

টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শোর জমকালো পর্দার পেছনে লুকিয়ে থাকা এক শিশুর যন্ত্রণাদায়ক শৈশবের গল্প এবার বই আকারে প্রকাশ্যে আসতে যাচ্ছে। বিখ্যাত মার্কিন রিয়েলিটি শো তারকা কোলিন গসলিং তাঁর শৈশবের সেই অজানা ও রূঢ় অভিজ্ঞতা নিয়ে একটি স্মৃতিকথা বা মেমোয়ার লিখছেন।
আগামী ১৩ অক্টোবর প্রকাশনা সংস্থা ‘গ্র্যান্ড সেন্ট্রাল’ থেকে তাঁর এই নতুন বইটি প্রকাশিত হবে। প্রকাশনা সংস্থাটি জানিয়েছে, ‘ইন দ্য শ্যাডো অব এইট: সারভাইভিং দ্য রিয়েলিটি অব মাই চাইল্ডহুড’ বইয়ের মাধ্যমে কোলিন তাঁর দীর্ঘদিনের নীরবতা ভেঙেছেন। একটি আপাতদৃষ্টিতে ‘নিখুঁত সুখী পরিবার’-এর মুখোশের আড়ালে যে কতটা মর্মান্তিক ও শকিং বাস্তব লুকিয়ে ছিল, তা-ই উঠে এসেছে এই বইয়ে।
যুক্তরাষ্ট্রের তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো ‘জন অ্যান্ড কেট প্লাস এইট’-এর আলোচিত আট সন্তানের একজন হলেন কোলিন। ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত চলা এই শো-তে জন এবং কেট গসলিং দম্পতির একজোড়া যমজ এবং একসঙ্গে জন্ম নেওয়া ছয়টি সন্তানকে বড় করে তোলার ব্যস্ত জীবন ফুটিয়ে তোলা হতো। ২০০৯ সালে এই দম্পতির বিয়েবিচ্ছেদের পর শো-টির নাম পরিবর্তন করে রাখা হয় ‘কেট প্লাস এইট’।
গ্র্যান্ড সেন্ট্রাল জানায়, ক্যামেরার ফ্রেমের বাইরে গড়া এক গোপন শৈশবের প্রথম চাক্ষুষ দলিল কোলিনের এই বই। এটি মূলত খ্যাতির অন্ধকার পিঠের সঙ্গে এক বোঝাপড়া; যেখানে দেখানো হয়েছে কীভাবে সুনির্দিষ্ট কিছু ব্যবস্থা, পারিপার্শ্বিক লোকজন এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর গ্যাঁড়াকলে পড়ে একটি শিশুর অস্তিত্বকেই প্রায় মুছে ফেলা হয়েছিল। একই সঙ্গে এটি সেই অন্ধকার থেকে তাঁর পালিয়ে আসার এবং নিজের চেনা জগতে ফেরার এক না-বলা গল্প।
ইনস্টাগ্রামে বইটির ঘোষণা দিয়ে কোলিন গসলিং লিখেছেন, বড় হওয়ার দিনগুলোতে কোটি কোটি মানুষ টেলিভিশনের পর্দায় আমার জীবন দেখেছে। মানুষের ধারণা ছিল তারা আমাকে চেনে, আমার পরিবারকে চেনে। কিন্তু পর্দার আড়ালে এমন অনেক কিছুই ঘটেছিল; যা তারা কখনোই দেখেনি। মানুষ যা মনে করে, এটি মোটেও সেই গল্প নয়; এটি আমার যাপিত জীবনের আসল সত্য। 

আরও পড়ুন

×