ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

হারুকি মুরাকামির নতুন উপন্যাস ‘দ্য টেল অব কাহো’

হারুকি মুরাকামির নতুন উপন্যাস  ‘দ্য টেল অব কাহো’
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ০৮:০৭

| প্রিন্ট সংস্করণ

বিশ্বখ্যাত জাপানি কথাসাহিত্যিক হারুকি মুরাকামির নতুন উপন্যাস ‘দ্য টেল অব কাহো’ জাপানের বাজারে এসেছে। গত শুক্রবার বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেয়েছে। বইটি প্রকাশের পরই প্রিয় লেখকের নতুন বইয়ের প্রথম কপিটি সংগ্রহ করতে টোকিওর প্রধান বইয়ের দোকানে মধ্যরাতেই জড়ো হয়েছিলেন শত শত উৎসাহী পাঠক। ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই কাউন্টডাউন উৎসবের মধ্য দিয়ে শুরু হয় বই বিক্রি।
প্রকাশনা সংস্থা ‘শিনচোশা পাবলিশিং কোং’ জানিয়েছে, এটিই মুরাকামির প্রথম পূর্ণাঙ্গ উপন্যাস, যেখানে মূল চরিত্র একজন একক নারীকে কেন্দ্র করে গল্প আবর্তিত হয়েছে।
বইটির বিষয়ে লেখক হারুকি মুরাকামি প্রকাশকের ওয়েবসাইটে এক সংক্ষিপ্ত বার্তায় লিখেছেন, ‘ছবির বই লেখক কাহো মূলত আর দশটা সাধারণ মেয়ের মতোই একজন তরুণী। তবে হঠাৎ করেই তার চারপাশে অত্যন্ত অদ্ভুত ও পরাবাস্তব সব ঘটনা ঘটতে শুরু করে। আমি নিজেকে কাহোর জায়গায় বসিয়ে এই উপন্যাস লিখেছি।’ মুরাকামির এই বক্তব্য পাঠকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে, কারণ তাঁর পূর্ববর্তী প্রায় সব জনপ্রিয় উপন্যাসের মূল চরিত্রগুলোই ছিল তরুণ বা মধ্যবয়সী পুরুষ। বইটির প্রথম ক্রেতা নাওইউকি ইয়ামানো বলেন, একজন নারী চরিত্রের দৃষ্টিকোণ থেকে মুরাকামির গল্প কীভাবে বিকশিত হয়, তা জানার জন্য আমি দারুণ উচ্ছ্বসিত।
উপন্যাসটির সূত্রপাত হয়েছিল মূলত ‘কাহো’ নামে একটি ছোটগল্প থেকে। দুই বছর আগে মুরাকামির নিজের বিশ্ববিদ্যালয় ‘ওয়াসেদা ইউনিভার্সিটি’র একটি পাঠচক্রে প্রখ্যাত জাপানি নারী লেখক মিয়েকো কাওয়াকামির সঙ্গে গল্পটি নিয়ে আলোচনা করেছিলেন। উপন্যাসের কাহিনি শুরু হয় ২৬ বছর বয়সী কাহোকে নিয়ে। তার সম্পাদকের ঠিক করে দেওয়া একটি ব্লাইন্ড ডেটে যায় সে। সেখানে রাতের খাবারের টেবিলে সঙ্গী পুরুষটি তাকে সরাসরি বলে বসে, সে জীবনে অনেক নারীর সঙ্গে ডেট করলেও কাহোর মতো ‘কুৎসিত’ মেয়ে আর দেখেনি। কাহো এতে রেগে না গিয়ে বরং অবাক হয় এবং এই মন্তব্যের পেছনের রহস্য খুঁজতে শুরু করে। এরপরই তার জীবনে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা। তার মুখোমুখি হতে হয় রহস্যময় কিছু অদ্ভুত চরিত্রের।
ম্যাগাজিন সংস্করণের প্রথম গল্পটি ইতোমধ্যে বিখ্যাত ‘দ্য নিউ ইয়র্কার’ সাময়িকীতে ইংরেজিতে প্রকাশিত হলেও পূর্ণাঙ্গ উপন্যাসটি আপাতত কেবল জাপানি ভাষাতেই পাওয়া যাচ্ছে। তবে বিশ্বজুড়ে থাকা মুরাকামির কোটি ভক্তের জন্য অনুবাদের পরিকল্পনা এখনও প্রকাশ করেনি প্রকাশনা সংস্থাটি। 

আরও পড়ুন

×