ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সাহিত্য জীবনের সত্য তুলে ধরে

সাহিত্য জীবনের সত্য তুলে ধরে
×
×

সৈয়দ আবদুল মোমেন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ০৮:৩৭ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ | ১০:৩০

| প্রিন্ট সংস্করণ

আজকের সন্ধ্যা চিন্তার, কল্পনার, ভাষার এবং সাহিত্যের। অনেক বছর ধরে ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার আয়োজন করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। এই পথচলায় আমাদের সঙ্গী হওয়ার জন্য সমকালকে আন্তরিক অভিনন্দন। এবার একটু বলতে চাই, একটি ব্যাংক কেন সাহিত্য পুরস্কার দিতে এগিয়ে এলো? ব্যাংক মানুষের স্বপ্ন নিয়ে কাজ করে। মানুষ সঞ্চয় করে, কারণ তারা একটি সুন্দর আগামী দিনের কথা ভাবে। বাবা-মা সন্তানের জন্য সঞ্চয় করেন, কারণ তারা আগামী প্রজন্মে একটি সুন্দর জীবন কল্পনা করেন। একজন উদ্যোক্তা বিনিয়োগ করেন, কারণ তিনি এমন কিছু সৃষ্টি করতে চান, যার অস্তিত্ব এই মুহূর্তে নেই। সাহিত্যের শুরু হয় কল্পনা থেকে; সাহিত্য আমাদের নিজেদের জীবনের চেয়ে অন্যরকম জীবনগুলোকে দেখতে এবং বুঝতে শেখায়। কথাসাহিত্য নিয়ে একটি চমৎকার কথা আছে–লেখকেরা ফিকশন লেখার মধ্য দিয়ে জীবনের সত্য কথাগুলো বলেন। সাহিত্যের শক্তি আসলে এখানেই; কবি এমন এক অনুভূতিকে ভাষা দিয়েছেন, যা আমরা নিজেরা প্রকাশ করতে পারিনি, ঔপন্যাসিক আমাদের অন্য মানুষের জীবনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, প্রাবন্ধিক আমাদের বিশ্বাসকে প্রশ্ন করেছেন এবং নাট্যকার সমাজের সামনে আয়না ধরেছেন। আমাদের দেশে সাহিত্য কখনও ইতিহাস থেকে বিচ্ছিন্ন ছিল না। বাংলাদেশের কবি, লেখক, প্রাবন্ধিক, নাট্যকার ও বুদ্ধিজীবীরা আমাদের ভাষা, সংস্কৃতি ও জাতীয় চেতনা গড়ে তুলতে অসাধারণ ভূমিকা রেখেছেন। অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে তারা লিখেছেন এবং আমাদের মুক্তির আকাঙ্ক্ষাকে ভাষা দিয়েছেন। আজকের যে কটি বই পুরস্কার পেয়েছে, সেগুলোর মধ্যেও আমাদের ইতিহাস, আমাদের স্বাধীনতা যুদ্ধ এবং আমাদের ভাষা আন্দোলনের প্রতিফলন রয়েছে। তাই আমরা আমাদের লেখকদের কাছে ঋণী। আজ আমরা শুধু প্রতিষ্ঠিত লেখকদের কথাই বলিনি। আমি সেই তরুণ লেখকদের কথাও ভাবতে চাই, যারা হয়তো দেশের কোনো ছোট শহরে বসে তাদের প্রথম গল্প বা প্রথম কবিতাটি লিখছেন। আমাদের এই সাহিত্য পুরস্কার তাদের কাছেও একটি বার্তা পৌঁছে দেয়–আপনারা দেখুন, ভাবুন, প্রশ্ন করুন, কল্পনা করুন এবং লিখুন। 

আরও পড়ুন

×