ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সোহাগ হত্যা মামলায় আরও তিন আসামির স্বীকারোক্তি

সোহাগ হত্যা মামলায় আরও তিন আসামির স্বীকারোক্তি
×

সমকাল প্রতি‌বেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫ | ২০:১৮

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যা মামলায় আরও তিন আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। 

বুধবার ঢাকার পৃথক তিনটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন। একইসঙ্গে গ্রেপ্তার সন্দেহভাজন দুই আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। 

জবানবন্দি দেওয়া তিন আসামি হলেন- তারেক রহমান রবিন, নান্নু কাজী, রিজওয়ান উদ্দীন ওরফে অভিজিৎ বসু। রিমান্ডে যাওয়া দু’জন হলেন- মো. পারভেজ ও মো. জহিরুল। 

এদিন রিমান্ড শেষে রবিন, নান্নু ও রিজওয়ানকে আদালতে হাজির করা হয়। এ সময় তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এর পর মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান তাদের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করতে আবেদন করেন। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ আসামি নান্নুর, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান আসামি রবিন ও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান
আসামি রিজওয়ানের জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এছাড়া বুধবার সকালে সন্দেহভাজন আসামি হিসেবে পারভেজ ও জহিরুলকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

এদিন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তবে এসময় তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

আরও পড়ুন

×