চাঁদাবাজির মামলা
আদালতে দোষ স্বীকার করলেন বাগছাসের বহিষ্কৃত নেতা রিয়াদ
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ। ছবি: সংগৃহীত
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫ | ১৯:০৬ | আপডেট: ০৩ আগস্ট ২০২৫ | ২০:২৫
চাঁদাবাজির মামলায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত রিয়াদের জবানবন্দি রেকর্ড করা হয়।
এদিন রিয়াদসহ চার আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় রিয়াদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে কারাগারে পাঠানো হয়েছে মামলার অপর তিন আসামি ইব্রাহিম হোসেন, সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবকে। তারাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা ছিলেন।
গত ২৬ জুলাই রাতে ভুক্তভোগী সিদ্দিক আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় চাঁদাবাজির মামলা করেন। এতে তিনি ছয়জনকে আসামি করেন। এজাহারে বলা হয়েছে, ১৭ জুলাই সকালে রিয়াদ ও কাজী গৌরব অপু গুলশানের ৮৩ নম্বর রোডে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মি আহম্মেদের বাসায় যান। তখন তারা হুমকি ধামকি দিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণাংকার দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আওয়ামী লীগের দোসর আখ্যায়িত করে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেন। এক পর্যায়ে মামলার বাদী নিজের কাছে থাকা নগদ পাঁচ লাখ টাকা ও ভাইয়ের কাছে থেকে নিয়ে আরো পাঁচ লাখ টাকা দেন।
এজাহারে আরও অভিযোগ করা হয়, সবশেষ ২৬ জুলাই রিয়াদের নেতৃত্বে অপর আসামিরা বাদীর বাসার সামনে যান। দাবি করা আরও ৪০ লাখ টাকা না দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন। বিষয়টি বাদী থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে হাতেনাতে আটক করে। পালিয়ে যান কাজী গৌরব অপু।
