ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গুলশানে চাঁদাবাজি

এবার বাগছাসের বহিস্কৃত নেতা অপুর দায় স্বীকার

এবার বাগছাসের বহিস্কৃত নেতা অপুর দায় স্বীকার
×

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। ছবি: সমকাল

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫ | ২০:০৭ | আপডেট: ০৬ আগস্ট ২০২৫ | ২০:০৮

রাজধানীর গুলশান থানার চাঁদাবাজি মামলায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম জবানবন্দি রেকর্ড করেন। রিমান্ড শেষে এদিন অপুকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হন। 

এ মামলায় গত ৩ আগস্ট জবানবন্দি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ। মামলার অপর আসামিদের মধ্যে রিয়াদের সহযোগী ইব্রাহিম হোসেন, সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব কারাগারে আছেন।

গত ২৬ জুলাই সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর গুলশান থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। বিবরণে উল্লেখ করা হয়, গত ১৭ জুলাই আব্দুর রাজ্জাক, কাজী গৌরব অপু বাসায় গিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন। হুমকি ধামকির এক পর্যায়ে বাদী মোট ১০ লাখ টাকা দেন।

১৯ জুলাই আসামি রিয়াদ ও অপু ফের বাসায় গিয়ে হট্টগোল করে। ২৬ জুলাই রিয়াদের নেতৃত্বে বাকি আসামিরা ৪০ লাখ টাকা দাবি করে। তখন বাদী বিষয়টি পুলিশকে জানান। ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচজনকে আটক করে।

আরও পড়ুন

×