প্লট বরাদ্দে দুর্নীতি
শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ৫ জন
শেখ রেহানা (বাঁয়ে), তাঁর ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:৩১
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক তিন মামলায় আরও পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। এসব মামলার আসামিরা হলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, ভাতিজি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ কয়েকজন।
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে সাক্ষ্যগ্রহণ হয়। আগামী ২১ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। এসব মামলায় আসামিরা পলাতক থাকায় সাক্ষীদের জেরা করা হয়নি। দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেন।
সাক্ষীরা হলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস সহকারি দেলোয়ার হোসেন, কর সার্কেল প্রধান সহকারী মোহাম্মদ লুৎফর রহমান, কর সার্কেলের কম্পিউটার অপারেটর রেজাউল হক ও কর সার্কেল নোটিস সার্ভার আবু তাহের।
গত ৩১ জুলাই এসব মামলায় চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। চার্জগঠন শুনানির সময়ে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পৃথক তিন মামলায় শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনাসহ ১৭ জন, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, শেখ হাসিনাসহ ১৮ এবং রাদওয়ান মুজিব সিদ্দিক, শেখ হাসিনাসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।
মামলার অপর আসামিদের মধ্যে আছেন, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য সামসুদ্দীন আহমদ চৌধুরী, পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।
প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬টি মামলা করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ আরও অনেককে আসামি করা হয়।
- বিষয় :
- প্লট
- দুর্নীতি
- শেখ হাসিনা
- শেখ রেহানা
- সাক্ষ্যগ্রহণ
- আদালত
