প্লট দুর্নীতির মামলা
রাজউকের সাবেক সদস্য খুরশীদ আলমের জামিন নামঞ্জুর
পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় রাজউকের সাবেক সদস্য খুরশীদ আলমের জামিন নামঞ্জুর করেছেন আদালত। প্রতীকী ছবি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫ | ২২:৩৩
রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমের জামিন নামঞ্জুর করেছেন আদালত। পূর্বাচলে প্লট দুর্নীতির তিনটি মামলার শুনানিতে রোববার খুরশীদ আলমের জামিন আবেদন করা হয়েছিল। তবে আদালত আবেদন মঞ্জুর না করে অভিযুক্তকে কারাগারে পাঠান।
ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন খুরশীদ আলমের আইনজীবী মোহাম্মদ শাহীনুর ইসলাম।
পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে মোট ছয়টি মামলা করে দুদক। এসব মামলায় খুরশীদ আলমও আসামি। তিনি গত ২৯ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন। রোববারের শুনানিতে তাঁর আইনজীবী শাহীনুর ইসলাম সাক্ষীদের জেরা করার সুযোগ পান।
আদালত সূত্রে জানা গেছে, ২ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ সংশ্লিষ্ট তিনটি মামলায় সাক্ষ্যগ্রহণ হয়। পরে আদালতের বিচারক রবিউল আলম মামলার পরবর্তী শুনানির জন্য রোববার দিন নির্ধারণ করেন।
২ নভেম্বর শেখ হাসিনা ও তাঁর ভাগনি আজমিনা সিদ্দিক রূপন্তীসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ ওসমান গণি, গাজীপুরের কালিগঞ্জের সাবেক সাব-রেজিস্ট্রার জাহিদুর রহমান, কর আইনজীবী হানিফ দিহিদার ও কর অঞ্চল-১০-এর অফিস সহায়ক আবদুর রহিম।
শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দেন ওসমান গণি, জাহিদুর রহমান ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের মোটর ক্লিনার উজ্জ্বল হোসেন।
শেখ হাসিনা ও তাঁর ভাগনে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দেন ওসমান গণি, উজ্জ্বল হোসেন, জাহিদুর রহমান ও গুলশানের সাবেক সাব রেজিস্ট্রার রফিকুল ইসলাম।
গত ২৯ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ একই প্রকল্প নিয়ে অন্য তিন মামলায় আট সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়। ওই মামলাগুলোর পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে সোমবার।
- বিষয় :
- প্লট
- দুর্নীতির মামলা
- রাজউক
- আদালত
