ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জুলাই মানবতাবিরোধী অপরাধ

শামীম ওসমান ও তার ছেলেসহ ১২ জনের বিচার শুরু

শামীম ওসমান ও তার ছেলেসহ ১২ জনের বিচার শুরু
×

শামীম ওসমান

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৩ মে ২০২৬ | ১২:৫৬ | আপডেট: ১৩ মে ২০২৬ | ১২:৫৮

জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের সদর ও ফতুল্লা এলাকায় শিশু রিয়া গোপসহ ১০ জনকে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে এই মামলার বিচার কার্যক্রম শুরু হলো।

বিচারপতি মো. গোলাম মর্তজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ বুধবার আসামিদের অনুপস্থিতিতে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে পলাতক সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ১০ জুন দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট-এই তিন দিনে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় পৃথক ঘটনায় ১০ জন নিহত হন। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউশন আরও জানায়, নারায়ণগঞ্জে সংঘটিত এসব হত্যাকাণ্ডে সাবেক এমপি শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমানসহ মোট ১২ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, ওই সময় ছাত্র-জনতার আন্দোলনের সময় আসামিরা অস্ত্রধারী ছিল এবং গুলি ও দেশীয় অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়, যাতে বহু মানুষ আহত হন।

প্রসিকিউশনের দাবি, এ ঘটনার অন্যতম প্রধান আসামি শামীম ওসমান। জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের-এর সঙ্গে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন। ওই কল রেকর্ড ও সিডিআর ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে বলে জানানো হয়।

প্রসিকিউশন আরও জানায়, অভিযুক্তরা নারায়ণগঞ্জে একাধিক স্থানে হামলা ও হত্যাকাণ্ড চালায়-শুরুতে ফতুল্লা ও নারায়ণগঞ্জ শহর এলাকায়, পরে সিদ্ধিরগঞ্জ এবং চিটাগং রোড পর্যন্ত সহিংসতা বিস্তৃত হয়।
 

আরও পড়ুন

×