ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

মানবতাবিরোধী অপরাধ

ইনুর মামলার রায় ৩০ জুন

ইনুর মামলার রায় ৩০ জুন
×

হাসানুল হক ইনু

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১২:৫৩

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় আগামী ৩০ জুন ঘোষণা করা হবে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ সোমবার এ তারিখ নির্ধারণ করেন। এর আগে ১৪ মে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল রায় ঘোষণার দিন নির্ধারণের জন্য অপেক্ষমাণ রাখে।

রাষ্ট্রপক্ষে সর্বশেষ যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা হাসানুল হক ইনুকে খালাস দেওয়ার আবেদন জানান।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় আটটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়। পরে ২ নভেম্বর ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়।
 

আরও পড়ুন

×