নতুন মামলায় আটকে গেল খায়রুল হকের জামিন
গ্রেপ্তর দেখানোর আবেদনের শুনানি সোমবার
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ২১:৩১ | আপডেট: ০২ জুলাই ২০২৬ | ২১:৩২
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে এবার বনানী থানায় করা হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ। বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই সাইফুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ আসামির উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য ৬ জুলাই দিন ধার্য করেছেন। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এ তথ্য জানান।
২০২৫ সালের ২৪ জুলাই খায়রুল হককে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। উচ্চ আদালত থেকে জামিনের পর তিনি কারামুক্ত হচ্ছেন মর্মে কয়েকবার তার আইনজীবীরা বলেন। তবে নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন থাকায় কারামুক্ত হতে পারছেন না সাবেক প্রধান বিচারপতি।
বনানী থানার এ মামলার বিবরণে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ অগাস্ট দুপুরে মহাখালীতে সেতু ভবনের সামনে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা। সেখান থেকে তাদের শাহবাগ যাওয়ার পথে হামলা, গুলি ও হাতবোমা নিক্ষেপ করা হয়। এতে উজ্জ্বল মিয়াসহ ২৫ থেকে ৩০ জন আহত হন। এ ঘটনায় উজ্জ্বল মিয়া বনানী থানায় হত্যাচেষ্টাসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।
ক্ষমতার পটপরিবর্তনের এক বছর পর গত বছর ২৫ জুলাই খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকে বিভিন্ন সময় তার বিরুদ্ধে মোট আটটি মামলা দায়ের করা হয়। উচ্চ আদালত থেকে সব মামলায় তিনি জামিনে আছেন। কিন্তু আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আপাতত তিনি জামিন পাচেছন না।
সর্বশেষ, যাত্রাবাড়ী থানার খোবাইব হত্যা মামলায় গত ২৩ মে খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়। সে মামলায়ও তিনি মঙ্গলবার হাইকোর্ট থেকে জামিন পান। এরপর রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আপিল করলে বৃহস্পতিবার চেম্বার আদালত সেই জামিন বহাল রাখেন। এতে তার মুক্তিতে বাঁধা কাটে। তবে তার আগেই নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করায় খায়রুল হকের মুক্তি প্রক্রিয়া আটকে গেলো।
