ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

প্লট দখল ও জালিয়াতি

সাবেক এমপি সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

সাবেক এমপি সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১৭:৫৫

রাজধানীর গুলশান-২ এলাকার ২৭ কাঠার সরকারি প্লট দখল ও জালিয়াতির অভিযোগে করা মামলায় সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৯ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন বিচারক। অভিযোগ গঠনের মধ্যে দিয়ে এ মামলার বিচার শুরু হলো।

এ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন—রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম, সাবেক প্রকৌশলী এম আজিজুল হক, সাবেক উপপরিচালক আজহারুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক মো. হাবিব উল্লাহ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান, কক্সবাজারের রামুর বাসিন্দা মীর মোহাম্মদ হাসান এবং তার ভাই মীর মো. নুরুল আফছার।

এদিন দুদকের পক্ষে ছিলেন প্রসিকিউটর শামীম হোসেন। আসামিপক্ষে ছিলেন জেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজী, আলহাজ্ব বোরহান উদ্দিন, মাসুদ আহমেদ তালুকদার, খাদেমুল ইসলাম প্রমুখ।

মামলার নথি অনুযায়ী, গুলশান আবাসিক এলাকার সিইএন (ডি) ২৭ নম্বরের ২৭ কাঠার পরিত্যক্ত সরকারি প্লটটি অবমুক্ত না করেই জাল কাগজপত্র তৈরি ও ভুয়া রেকর্ড উপস্থাপনের মাধ্যমে দখলের সুযোগ সৃষ্টি করা হয়। পরে হস্তান্তর অনুমতি ও নামজারি অনুমোদনের মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের পথ তৈরি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি প্রথমে রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তখন সালাম মুর্শেদীর নাম মামলায় ছিল না। পরে তদন্ত শেষে গত বছরের ৩১ ডিসেম্বর তাকে অন্তর্ভুক্ত করে ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত বছরের ১ অক্টোবর সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে কারাগারে আছেন তিনি।

আরও পড়ুন

×