স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন মেলেনি অভিনেতা আলভীর
আদালতে অভিনেতা আলভী। ছবি- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ২০:২৫
রাজধানীর মিরপুরের বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের মামলায় অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে যাহের আলভীর জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবির শুনানি নিয়ে জামিন আবেদন নামঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ এ তথ্য জানান।
আলভীর পক্ষে তার আইনজীবী শেখ রোবায়েত ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ জামিনের বিরোধীতা করেছিলেন।
গত ১৮ জুন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন যাহের আলভী। তবে আদালত সেদিন জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ৪ জুন আলভীর মা নাসরিন সুলতানা আত্মসমর্পণ করে জামিন পান।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি পল্লবীর ডিওএইচএসের বাসায় বেলা পৌনে ১২টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ইকরার আত্মহত্যার পর ওই রাতেই মামলা করেন বাবা কবির হায়াত খান। দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’ বলে মামলায় অভিযোগ করেন তিনি।
- বিষয় :
- অভিনেতা
- মামলা
- যাহের আলভী
- জামিন