বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আসকের সমন্বিত উদ্যোগের আহ্বান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ২০:১৯
বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আইন ও সালিশ কেন্দ্র (আসক) বলেছে, প্রযুক্তির অপব্যবহার, ভুয়া চাকরির প্রলোভন এবং সংঘবদ্ধ অপরাধচক্রের মাধ্যমে দেশ-বিদেশে মানব পাচারের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। এ পরিস্থিতিতে মানব পাচার প্রতিরোধে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।
এ বছরের প্রতিপাদ্য ‘প্রতারণার ফাঁদে বন্দি’ মানব পাচারের পরিবর্তিত ও ক্রমবর্ধমান বৈশ্বিক বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মানব পাচার একটি গুরুতর মানবাধিকার সংকট। বিশেষ করে নারী, শিশু, দলিত, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং অর্থনৈতিকভাবে অসচ্ছল জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। পাচারের শিকার ব্যক্তিরা শ্রম শোষণ, যৌন নির্যাতন, গৃহশ্রমে নিপীড়ন, জোরপূর্বক বিয়ে এবং অন্যান্য শোষণমূলক পরিস্থিতির শিকার হন। অধিকাংশ ক্ষেত্রেই তারা ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের সুযোগ থেকে বঞ্চিত থাকেন।
আসক আরও জানায়, মানব পাচার মানুষের স্বাধীনতা, মর্যাদা ও নিরাপত্তার ওপর গুরুতর আঘাত হানে। দেশে এ সংক্রান্ত আইন ও নীতিমালা থাকলেও সেগুলোর কার্যকর বাস্তবায়ন, পাচারকারীদের জবাবদিহি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের উদ্ধার, সুরক্ষা, পুনর্বাসন ও প্রতিকার নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
বিবৃতিতে সংগঠনটি বলেছে, মানব পাচার কেবল একটি ফৌজদারি অপরাধ নয়, এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। তাই মানব পাচারের সব ধরনের ঘটনা প্রতিরোধ, ভুক্তভোগীকেন্দ্রিক সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করা এবং অপরাধীদের দ্রুত ও কার্যকর বিচারের মাধ্যমে দায়মুক্তির অবসান ঘটাতে সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
মানব পাচারমুক্ত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।