আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি হাবিবুল গনি
বিচারপতি মো. হাবিবুল গনি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ১৬:৩৮
আপিল বিভাগের বিচারপতি হিসেবে মো. হাবিবুল গনিকে নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশক্রমে বৃহস্পতিবার আইনমন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারপতি মো.হাবিবুল গনিকে শপথ গ্রহণের তারিখ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এ নিয়ে আপিল বিভাগে বিচারকের সংখা দাড়ালো পাঁচজন।
সংবিধান অনুযায়ী ৬৭ বছর বয়স পুর্ণ হওয়ায় সর্বশেষ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম গত ১৫ জুলাই অবসরে যান। এরআগে গত ২৮ ফেব্রুয়ারি অবসরে যান বিচারপতি এ. কে. এম আসাদুজ্জামান। আগামী ২০২৮ সালের ১৭ মে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী অবসরে যাবেন।
সংবিধানে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতির কোনো সংখ্যা নির্ধারণ নেই। প্রধান বিচারপতির পরামর্শ ও প্রয়োজন অনুযায়ী রাষ্ট্রপতি আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন। এদিকে, আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা যেমন বাড়ছে, কিন্তু বিচারপতি সেই পরিমাণে নেই। তেমনই বেশ কিছু গুরুত্বপুর্ণ মামলা এবং রিভিউ আবেদন দীর্ঘদিন নিস্পত্তির অপেক্ষায় রয়েছে।
- বিষয় :
- আপিল বিভাগ
- বিচারপতি