ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি মামলার রায় হতে পারে: প্রসিকিউটর তামিম

ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি মামলার রায় হতে পারে: প্রসিকিউটর তামিম
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ২০:৩৭

আগামী ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলার রায় হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেন, সাবেক মন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, কামরুল ইসলাম, রাশেদ খান মেননসহ  আলোচিত কয়েকটি মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে রয়েছে। উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায়ের জন্য তারিখ নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। 

বুধবার পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। 

তামিম বলেন, ২০২৪ সালের ১৪ অক্টোবর পুনর্গঠিত হওয়ার পর এ পর্যন্ত সাতটি মামলায় রায় দিয়েছেন দুই ট্রাইব্যুনাল। এসব মামলায় ২৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে দুই ট্রাইব্যুনালে বিভিন্ন পর্যায়ে ৭০টি মামলার মধ্যে ২৬টি বিচারাধীন। একটি মামলা রায়ের জন্য অপেক্ষমাণ রয়েছে। এসব মামলায় ৫৫৮ জন আসামির মধ্যে ৩৫২ জন পলাতক। গ্রেপ্তার রয়েছেন ২০৩ জন। এরমধ্যে একজন আসামি মারা গেছেন। আর খালাস পেয়েছেন একজন। তদন্ত সংস্থার সঙ্গে যৌথভাবে প্রায় ৭০০টি অভিযোগ পাওয়া গেছে। 

প্রসিকিউটর গাজী তামিম বলেন, ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর ট্রাইব্যুনালগুলোর অবকাঠামো ও কার্যক্রম নতুন করে গড়ে তুলতে হয়েছে। এ কারণে তদন্ত ও বিচারকাজে কিছুটা সময় লেগেছে। তবে একটি মামলার বিচার শেষ করতে গড়ে সাত থেকে আট মাস সময় লাগে। তদন্তের সময়কাল মামলাভেদে ভিন্ন হয়। এছাড়া গ্রেপ্তার কয়েকজন সাবেক মন্ত্রী ও উপদেষ্টার বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে পেয়েছে প্রসিকিউশন। এসব ব্যক্তির বিরুদ্ধে শিগগিরই অভিযোগ দাখিল করা হবে। 

তিনি আরও বলেন, দুই বছরে আমাদের অর্জন ও সীমাবদ্ধতা আছে। তবে ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে কাজ করে যাব। জুলাইয়ের আত্মত্যাগের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশে আর ফ্যাসিবাদী বিচার ফিরবে না।

আরও পড়ুন

×