আইনি বাধা দূর, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলবে
ছবি- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ২২:০৬
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের চলমান নির্মাণকাজ ও এর নিচ দিয়ে চার লেনের রেলপথ নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। বুধবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এ আদেশ দেন। এর ফলে দীর্ঘ ৭ বছর ধরে চলা আইনি জটিলতার অবসান হলো।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, আপিল বিভাগের এই আদেশের পর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও এর নিচ দিয়ে চার লেনের রেললাইন নির্মাণে সরকারের উন্নয়ন কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনি বাধা থাকছে না। তবে জমির মালিকানা নিয়ে দাবিদার এ এম মোস্তাফিজুর রহমানের ক্ষতিপূরণ বা ‘অ্যাওয়ার্ড মানি’ পাওয়ার বিষয়ে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল জানান, রাজধানীর মগবাজারের পেয়ারাবাগ এলাকায় জমির মালিকানা নিয়ে বাংলাদেশ রেলওয়ে ও এ এম মোস্তাফিজুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে সংশ্লিষ্ট অংশে উন্নয়নকাজ প্রায় ৭ বছর ধরে বন্ধ ছিল। এতে গুরুত্বপূর্ণ এই অবকাঠামো প্রকল্পের কাজ ব্যাহত হচ্ছিল।
মোস্তাফিজুর রহমান জমির মালিকানা নিয়ে ২০১৯ সালে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করেন। ওই বছরের ২৯ মে মামলাটিতে তার পক্ষে রায় হয়। সে সময় ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠিত না থাকায় সরকার উচ্চ আদালতের শরণাপন্ন হলেও কার্যকর কোনো আদেশ পায়নি। পরে আপিল ট্রাইব্যুনাল গঠিত হলে সরকারের পক্ষ থেকে সেখানে আপিল করা হয়। গত ২ সেপ্টেম্বর রেলওয়ের পক্ষে রায় দেন আপিল ট্রাইব্যুনাল। ওই রায় চ্যালেঞ্জ করে এ এম মোস্তাফিজুর রহমান রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৮ সেপ্টেম্বর হাইকোর্ট সংশ্লিষ্ট জমির বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন।
এতে এক্সপ্রেসওয়ে ও রেলপথ নির্মাণকাজ আবারও অনিশ্চয়তার মুখে পড়ে। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ, রেলওয়ে মন্ত্রণালয়, জেলা প্রশাসক (ডিসি) ও সেটেলমেন্ট অফিসারের পক্ষ থেকে আপিল বিভাগে সিভিল মিসলেনিয়াস আবেদন দায়ের করা হয়।
বুধবার অবকাশকালীন চেম্বার আদালত উন্নয়ন কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। তবে জমির মালিকানার সপক্ষে এ এম মোস্তাফিজুর রহমানের দাবি করা ক্ষতিপূরণ বা ‘অ্যাওয়ার্ড মানি’ পাওয়ার বিষয়ে প্রয়োজনীয় ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আদালত নির্দেশনা দিয়েছেন। এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে এ এম মোস্তাফিজুর রহমানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. নুরুল আমিন।
- বিষয় :
- ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
- রায়