সকালে খালি পেটে যে ৫ খাবার খাবেন না
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬ | ১১:৩১
অনেকেরই সকালে উঠে খালি পেটে চা খাওয়ার অভ্যাস আছে। কেউ আবার খালি পেটে কফি খান। কারও দিন শুরু হয় এক গ্লাস ফলের রস দিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, সকালে ঘুম থেকে ওঠার পর পাকস্থলী দীর্ঘ সময় খালি থাকায় খাবারের ব্যাপারে সতর্ক থাকা জরুরি। তা না হলে কিছু খাবার বা পানীয় থেকে হজমের গোলমাল,গ্যাস কিংবা রক্তে শর্করার ওঠানামার মতো সমস্যা দেখা দিতে পারে।
চিকিৎসকদের মতে, কী খাচ্ছেন কেবল তা-ই নয়, কখন খাচ্ছেন সেটিও সমান গুরুত্বপূর্ণ। ‘আনন্দবাজারে’র এক প্রতিবেদনে এমন কয়েক ধরনের খাবারের কথা বলা হয়েছে যা কখনও খালি পেটে খাওয়া উচিত নয়। যেমন-
চা বা কফি
অনেকের দিন শুরু হয় সকালের চা বা কফি দিয়ে। কিন্তু খালি পেটে কফি ও চা পাকস্থলীতে অম্লের ক্ষরণ বাড়াতে পারে। এর ফলে অম্বল, বুকজ্বালা, বমিভাব বা পেটে অস্বস্তিভাব দেখা দিতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই অ্যাসিড হওয়ার সমস্যা রয়েছে, তাদের মধ্যে এই ঝুঁকি বেশি দেখা যায়। এর চেয়ে সকালে সামান্য কিছু খাওয়ার পরে চা খাওয়া ভাল। কফি শরীরকে চাঙ্গা করলেও খালি পেটে তা সব সময় উপকারী নয়। কারও কারও ক্ষেত্রে কফি খাওয়ার পরে উদ্বেগ বা অস্থিরতার সমস্যাও বাড়তে পারে। সকালের প্রথম পানি বা হালকা খাবার বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
গ্রিন টি
ক্যাফিন এবং ট্যানিন থাকায় খালি পেটে গ্রিন টি খেলে গা বমি, অ্যাসিডিটি অথবা পেটের সমস্যা দেখা দিতে পারে। সবার ক্ষেত্রে এমন নাও হতে পারে। তবে যাদের অ্যাসিড রিফ্লাক্স, গ্যাস্ট্রিক আলসার, পেপ্টিক আলসার, ইরিটেব্ল বাওয়েল সিনড্রোম, কিংবা ডায়াবেটিস আছে তাদের সতর্ক থাকা জরুরি।
সাইট্রাস জাতীয় ফল
কারও কারও ক্ষেত্রে খালি পেটে অতিরিক্ত টক ফল বা সাইট্রাস জাতীয় ফল খেলে অ্যাসিডিটির সমস্যা বেড়ে যেতে পারে। কারণ, এসব ফলে অম্ল উপাদান অনেক বেশি থাকে। যেমন, আনারস বা কমলালেবুর মতো ফল অন্ত্রে প্রদাহ বাড়াতে পারে। এ কারণে খালি পেটে এই ধরনের খাবার না খাওয়াই ভালো।
তেল-ঝাল-মসলা দেওয়া খাবার
সকালে ঘুম থেকে উঠেই ঝাল, মসলা জাতীয় খাবার খেলে পাকস্থলীর আস্তরণে জ্বালা সৃষ্টি করতে পারে। একই সঙ্গে অম্বলের সমস্যা বাড়াতে পারে। সকালে খালি পেটে অতিরিক্ত মিষ্টি খাবার খেলে রক্তে শর্করা দ্রুত ওঠানামা ঘটাতে পারে। এছাড়া কার্বোনেটেড পানীয় পেটফাঁপা, গ্যাস এবং অস্বস্তির কারণ হতে পারে। অ্যাসিডিটির সমস্যা থাকলে অবশ্যই এও ধরনের খাবার খাওয়ার ব্যাপারে বেশি সতর্ক হতে হবে।
ফলের রস
গোটা ফলের চেয়ে ফলের রসে ফাইবারের পরিমাণ কমে যায়। ফাইবার ছাড়া সকালে মিষ্টি ফলের রস খেলে রক্তে দ্রুত শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। কিছু ক্ষণ পরে দ্রুত নেমেও যেতে পারে। এর ফলে দুর্বলতা, খিদে বা শক্তি কমে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। এ কারণে ফলের রসের চেয়ে গোটা ফল খাওয়াই বেশি উপকারী।
সূত্র: এই সময়, নিউজ এইট্টিন
- বিষয় :
- খালি পেটে চা
