গোসল করতে গিয়ে কানে পানি ঢুকেছে? যা করবেন
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ১২:৩৬
অনেকেই সুইমিং পুলে সাঁতার কাটতে পছন্দ করেন। কারও আবার সুযোগ হয় পুকুরে সাঁতার কাটার। সাঁতার কাটার সময় হঠাৎ কানে পানি ঢুকে যাওয়ার সমস্যায় পড়েননি, এমন মানুষ কম। অনেকে সময় বাড়িতেও গোসলের সময় অসাবধানবশত কানে পানি ঢুকতে পারে। কানে পানি ঢুকলে শুধু যে অস্বস্তি হয় তাই নয়, মাথা ধরা, কান ভারী হয়ে থাকা এবং ঠিকমতো শুনতে না পাওয়ার মতো সমস্যা দেখা দেয়। অনেকেই এই পানি বের করার জন্য দেশলাই কাঠি, ইয়ার বাড বা সেফটি পিন কানের ভেতর ঢুকিয়ে দেন, যা কানের পর্দার মারাত্মক ক্ষতি করতে পারে।
ভারতের নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. অরিজিৎ মহাপাত্র জানান, ইয়ার বাড, দেশলাই কাঠি, পেন বা সেফটি পিনের মতো কোনোও জিনিস কানের ভেতর ঢোকানো খুবই বিপজ্জনক। আমাদের কানের চামড়া খুবই সংবেদনশীল এবং কানের পর্দা খুবই পাতলা হয়। এই ধরণের শক্ত জিনিস ব্যবহার করলে কানের ভেতরের ময়লা নরম জলের সংস্পর্শে এসে ফুলে যায় এবং কানের পর্দা ফুটো হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। চিকিৎসকদের মতে, কানে পানি জমলে তা থেকে ব্যাকটেরিয়ার সংক্রমণ বা ‘সুইমার্স ইয়ার’-এর মতো রোগ হতে পারে। তাই কানের ক্ষতি না করে ঘরোয়ার উপায়ে কীভাবে পোনি বের করবেন তা জানানো হয়েছে ‘টিভি নাইনে’র এক প্রতিবেদনে। যেমন-
কানে পানি বের করার সবচেয়ে সহজ এবং প্রাকৃতিক উপায় হচ্ছে পাশ ফিরে শুয়ে পড়া। যে কানে পানি ঢুকেছে, সেই দিকটি নিচের দিকে রেখে বালিশের ওপর কিছুক্ষণ শুয়ে থাকুন। এতে কানের ভেতরের পানি এমনিতেই বাইরে বেরিয়ে আসবে। এছাড়া, যে কানে পানি ঢুকেছে সেই দিকে মাথাটি কাত করে এক পায়ে দাঁড়িয়ে হালকা লাফ দিলেও সহজেই পানি বেরিয়ে যায়।
হাতের তালু দিয়ে কানের ভেতর একটি হালকা ভ্যাকুয়াম বা হাওয়া বন্দি করার মতো পরিস্থিতি তৈরি করলে পানি বেরিয়ে যাবে। এর জন্য মাথাটি আক্রান্ত কানের দিকে কাত করুন। এবার হাতের তালু কানের ওপর শক্ত করে চেপে ধরে রাখুন। এরপর দ্রুত হাতটি সরিয়ে নিন। এইভাবে কয়েকবার করলে কানের ভেতরের আটকে থাকা পানি বাতাসের চাপে বাইরে চলে আসবে।
অনেক সময় গরম ভাপ কানের পানি বের করতে সাহায্য করে। একটি পরিষ্কার নরম কাপড় বা তোয়ালে গরম পানিতে ভিজিয়ে ভালো করে নিংড়ে নিন। এবার তোয়ালেটি আক্রান্ত কানের ওপর ৫ থেকে ১০ মিনিট চেপে ধরে রাখুন। গরম ভাপের ফলে কানের ভেতরের পেশি শিথিল হয় । সেই সাথে জমে থাকা পানি সহজেই নালী বেয়ে বেরিয়ে আসে।
এসব সমাধান চেষ্টা করার পরও যদি কানের পানি বের না হয় তাহলে বিশেষজ্ঞর পরামর্শ নিন।
- বিষয় :
- কানের সমস্যা
