চুল পড়া বন্ধে তেলের সঙ্গে যে ৩ উপাদান মেশাবেন
ছবি: সংগৃহীত
শৈলী ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১৬:০৩
একসময় চুলের যত্নে সরিষার তেল মাখার প্রচলন ছিল। এখন সময় বদলেছে। অনেকে নারকেল তেল আবার অনেকে অলিভ অয়েল ব্যবহার করেন। তবুও চুল পড়া থামছে না। আর বর্ষায় চুল পড়ার হার আরও বাড়ে।
ভারতীয় গণমাধ্যম 'এই সময়' পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, চুলে যে তেলই ব্যবহার করেন না কেন, এর সঙ্গে কিছু উপাদান যোগ করলে কার্যকারিতা বেড়ে যায়। এতে চুলের গোড়া মজবুত হবে। পাশাপাশি চুল ঘন ও কালো হবে। স্ক্যাল্পে পর্যাপ্ত পুষ্টি পৌঁছাবে।
পেঁয়াজের রস
যদি চুল পড়ার সমস্যায় ভোগেন, তাহলে সমপরিমাণ সরিষার তেল কিংবা নারকেল তেলের সঙ্গে তাজা পেঁয়াজের রস মিশিয়ে নিন। পেঁয়াজে সালফার রয়েছে, যা চুলের গোড়ায় পুষ্টি জোগায়। অন্যদিকে, তেল মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এই মিশ্রণটি স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করুন। ৩০-৪০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
মেথি বীজ
মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন ও পুষ্টিকর উপাদান রয়েছে। বছরের পর বছর ধরে চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে এই উপাদান। মেথি বীজ সারারাত পানিতে ভিজিয়ে রেখে পরদিন বেটে নিন। এই মেথির পেস্টে মিশিয়ে দিন সামান্য সরিষার তেল। এটি স্ক্যাল্প ও চুলের গোড়ায় লাগিয়ে ৪৫ মিনিট রাখুন। তারপরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
কারিপাতা
কারিপাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টিকর উপাদান, যা চুলের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। তেল হালকা গরম করে নিন। তাতে এক মুঠো তাজা কারিপাতা মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিন। তেলটা ঠান্ডা হলে ছেঁকে চুলে মাখুন। সপ্তাহে দুইবার এই তেল মাথায় মাখলে ভালো ফল পাবেন।
- বিষয় :
- তেল
- চুল পড়া কমায়