৬ কৌশলে বাথরুমে আসবে স্পার আবহ, বাড়বে সুগন্ধ
ছবি: সংগৃহীত
শৈলী ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ১৬:০৭
রুচিশীল মানুষেরা বাথরুমের পরিপাট্য নিয়ে বেশ সচেতন থাকেন। টয়লেট্রিজ সবসময় গুছিয়ে রাখার পাশাপাশি, বাথরুমের সুগন্ধের ব্যাপারটিকেও প্রাধান্য দেন। এর জন্য যে অনেক খরচ করতে হয়, তা নয়। এসেনশিয়াল অয়েল ব্যবহার করেও সুগন্ধ বাড়ানো যায়, নিজের বাথরুমেই স্পার মতো অনুভূতি নিয়ে আসা যায়। ফিরে পাওয়া যায় প্রশান্তির ছোঁয়া। এজন্য কৌশল জানতে হবে।
ডিফিউজারে ব্যবহার করুন
বাথরুমে এসেনশিয়াল অয়েল ব্যবহারের সবচেয়ে সহজ উপায় হলো ডিফিউজার। ইলেকট্রিক বা রিড ডিফিউজারে পছন্দের তেলের কয়েক ফোঁটা যোগ করলেই ঘরে ছড়িয়ে পড়বে মনোমুগ্ধকর সুবাস। এক্ষেত্রে ল্যাভেন্ডার, ইউক্যালিপটাস, লেবু কিংবা পেপারমিন্ট অয়েল ভালো কাজ করে। ল্যাভেন্ডার মনকে শান্ত করে, আর সাইট্রাস ও মিন্টজাতীয় তেল ঘরে এনে দেয় সতেজ অনুভূতি।
টয়লেট পেপারের রোলে সুগন্ধ যোগ করুন
টয়লেট পেপারের কার্ডবোর্ডের ভেতরের অংশে ২-৩ ফোঁটা এসেনশিয়াল অয়েল দিন। রোল ঘোরার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সুগন্ধ ছড়িয়ে পড়বে। লেবু, টি ট্রি, কমলা বা ইউক্যালিপটাস অয়েল এ জন্য উপযুক্ত। তবে খেয়াল রাখবেন, তেল যেন সরাসরি টিস্যু পেপারের সংস্পর্শে না আসে।
ঘরোয়া স্প্রে তৈরি করুন
একটি স্প্রে বোতলে পানি, সামান্য রাবিং অ্যালকোহল বা উইচ হ্যাজেল এবং কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিন। বাথরুম ব্যবহারের পর স্প্রে করলে দীর্ঘক্ষণ সতেজ সুবাস থাকবে। লেবু, আঙুর বা মিন্ট অয়েল দিয়ে নিজের পছন্দমতো সুগন্ধ তৈরি করতে পারেন।
গোসল হবে আরামদায়ক
বাথটাবে এসেনশিয়াল অয়েল ব্যবহার করে আরামদায়ক গোসলের অভিজ্ঞতা নিতে পারেন। তবে সরাসরি পানিতে এসেনশিয়াল অয়েল ব্যবহার করা যায় না। কারণ তেল পানিতে মিশে না। কয়েক ফোঁটা তেল আগে ক্যারিয়ার অয়েল বা গোসলের পণ্যের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন। ল্যাভেন্ডার আরাম দেয়, ইউক্যালিপটাস সতেজ অনুভূতি আনে এবং ক্যামোমাইল প্রশান্তিময় গোসলের অভিজ্ঞতা তৈরি করে।
তোয়ালেতে আনুন সতেজ সুবাস
তোয়ালে দীর্ঘদিন ব্যবহারের পর একঘেয়ে গন্ধ তৈরি হতে পারে। তোয়ালে শুকানোর সময় কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন। অথবা তেল দেওয়া একটি তুলার বল ভাঁজ করা তোয়ালের পাশে রেখে দিন। ল্যাভেন্ডার ও লেবুর সুগন্ধ এ কাজে বেশ কার্যকর।
পরিষ্কার করার দ্রবণে মিশিয়ে নিন
বাথরুম পরিষ্কারের ক্লিনিং সলিউশনে কয়েক ফোঁটা টি ট্রি, লেবু বা ইউক্যালিপটাস অয়েল যোগ করুন। এতে পরিষ্কারের পর সতেজ সুবাস পাওয়া যায়। তবে এসেনশিয়াল অয়েল কোনোভাবেই জীবাণুনাশক বা অন্যান্য পরিষ্কারক পণ্যের বিকল্প নয়। এটি কেবল বাড়তি সুগন্ধ যোগ করে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
- বিষয় :
- টিপস