বর্ষায় শাক খাওয়া কি নিরাপদ?
রান্নার আগে শাক ভালোভাবে পরিষ্কার করা জরুরি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | ১১:৫৮
শাকসবজির পুষ্টিগুণের শেষ নেই। তবে বর্ষাকালে নানা ধরনের পেটের সমস্যা বেড়ে যাওয়ায় শাকসবজি খাওয়ার ব্যাপারে বেশ সতর্ক থাকতে হয়। বিশেষ করে শাক খাওয়া নিয়ে সাবধান থাকা জরুরি। তা না হলে পেট খারাপের ঝুঁকি বাড়ে।
বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে শাকে জীবাণুর ঝুঁকি বাড়ে। কাদা ও বৃষ্টির পানিতে শাক পচেও যায়। এ কারণে বর্ষায় শাকপাতা খেলে ডায়ারিয়া, পেট খারাপ, বমি বমি ভাবের মতো একাধিক সমস্যা বাড়ে। বেশিরভাগ ক্ষেত্রেই ফুড পয়জ়নিং-এর ঝুঁকি বাড়ে। কিন্তু তা বলে শাক একেবারেই খাওয়া যাবে না তা নয়। অবশ্যই খেতে পারবেন তবে তা ভালোভাবে পরিষ্কার করে।
শাক পরিষ্কারের সঠিক উপায় কী?
প্রথমে দু’ থেকে তিন বার শাক পানিতে ধুয়ে নিন। সব পচা পাতা বেছে ফেলে দিন। এরপর কাচের পাত্রে পানি নিন এবং তাতে এক চামচ লবণ মিশিয়ে দিন। এর মধ্যে শাকের আঁটি মিনিট পাঁচ মিনিটের মতো ডুবিয়ে রাখুন। এতে দেখা যাবে পাত্রের নীচে কাদা-মাটি জমা হয়েছে। এ বার উপর থেকে শাক তুলে নিন এবং পানিটা ফেলে দিন। এরপর আবার পরিষ্কার পানিতে শাক ধুয়ে নিন।
বর্ষাকালে শাক রান্না করুন ভিন্নভাবে
বর্ষায় শাক রান্না করার সময় অতিরিক্ত তেল-মসলা এড়িয়ে চলুন। শাকের পুষ্টি যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখুন। প্রথমে শাক গরম পানিতে ভাপিয়ে নিন। ওই পানিটা ফেলে দিন। বরফ-পানিতে শাকটা ডুবিয়ে রাখুন। এর পরে অল্প তেলে ভাপিয়ে সামান্য মসলা দিয়ে শাক রান্না করতে পারেন।
এ সময় কোন শাকগুলো এড়িয়ে চলবেন
বর্ষার দিনগুলিতে নটে শাক, পালং শাক, কলমি শাক, মেথি শাকের মতো শাকপাতাগুলো এড়িয়ে চলুন। এই ধরনের শাকগুলো মাটির সংস্পর্শে বেড়ে ওঠে। এসব শাক অনেক সময়ই জল-কাদার মধ্যে ডুবে থাকে। তাই এই ধরনের শাক এড়িয়ে চলাই ভালো। তবে বর্ষায় লাউ শাক, পুঁই শাক, কুমড়ো শাক ইত্যাদি খেতে পারেন। তবে যে শাকই খান না কেন তা ভালো করে পরিষ্কার করা দরকার। সূত্র: এই সময়
- বিষয় :
- শাকসবজি