ব্রণ তাড়াতে মুলতানি মাটি কতটা কার্যকর?
ছবি: সংগৃহীত
শৈলী ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ১৩:০৪
রূপচর্চায় বহু বছর ধরে মুলতানি মাটির ব্যবহার হয়ে আসছে। তৈলাক্ত ত্বক, ব্রণ এবং দাগছোপের সমস্যায়ও অনেকে ত্বকে এটি ব্যবহার করেন। তাই মুলতানি মাটি ও এর ফেসপ্যাক বিক্রি হয় অনেক। কিন্তু এটি কি আসলেই ব্রণ তাড়াতে কাজ করে?
মুলতানি মাটি মাখা ভালো না খারাপ?
মুলতানি মাটির ভালো-খারাপ নির্ভর করছে ত্বকের উপর এমনটাই বলা হয়েছে এইসময়ের একটি প্রতিবেদনে। আপনার ত্বক কেমন, তার উপর নির্ভর করছে মুলতানি মাটি কেমন ফল দেবে। মুলতানি মাটি ত্বক থেকে অতিরিক্ত তেল শুষে নেয়। তাই তৈলাক্ত ও ব্রণ-প্রবণ ত্বকে এটি দারুণ কাজ দেয়। কিন্তু ব্রণ কমলেও ব্রণর দাগ দূর করতে এটি কার্যকর নয়। অর্থাৎ পিগমেনটেশন হালকা করে না। এমনকি বয়সের ছাপও প্রতিরোধ করতে পারে না।
কাদের জন্য মুলতানি মাটি উপযোগী?
বিশেষজ্ঞদের মতে, মূলত কমবয়সীদের ত্বকে দুর্দান্ত কাজ করে মুলতানি মাটি। আর তৈলাক্ত ত্বক হলে মুলতানি মাটি মাখা ভালো। এতে ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর হয়ে যায়। তা ছাড়া দীর্ঘক্ষণ ধুলো-বালির মধ্যে কাজ করলে, ত্বককে পরিষ্কার রাখে মুলতানি মাটি।
কারা মুলতানি মাটি ব্যবহার করবেন না?
শুষ্ক ত্বকে একেবারেই মুলতানি মাটি মাখা উচিত নয়। যদি বয়স বেশি হয়, ত্বকে বলিরেখা থাকে, তাহলেও এটি এড়িয়ে চলা উচিত। আসলে মুলতানি মাটি ত্বকের স্বাভাবিক তেল শুষে নেয়। পিএইচ ভারসাম্য নষ্ট করে এবং ত্বককে অতিরিক্ত শুষ্ক করে তোলে। এতে উজ্জ্বলতা কমে যায়। নিয়মিত মুলতানি মাটি ব্যবহার করলে ত্বক আর্দ্রতা হারিয়ে ফেলে।
ঘন ঘন মুলতানি মাটি ব্যবহার করলে কিংবা দীর্ঘক্ষণ মুখে মুলতানি মাটি মেখে বসে থাকলে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। ত্বকের প্রতিরক্ষামূলক স্তর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
কত দিন পর পর মুলতানি মাটি ব্যবহার করা উচিত?
তৈলাক্ত ত্বকে প্রতি দুই সপ্তাহে একবার মুলতানি মাটি ব্যবহার করা উচিত। আর মুলতানি মাটি মাখার পরে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
- বিষয় :
- মুলতানি মাটি
- রূপচর্চা
- তৈলাক্ত ত্বক