পাহাড় হোক বা সমুদ্র, ভ্রমণের আগে যে সতর্কতাগুলো জরুরি
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ১৩:২৫
ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রকৃতির কাছাকাছি যাওয়া আর কিছুটা সময় নিজের মতো করে কাটানো। মানুষের কাছে পাহাড়, সমুদ্র, নদী ও ঝরনা জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। তবে জায়গাভেদে ভ্রমণের ঝুঁকিও আলাদা। পাহাড়ে উচ্চতা, দুর্গম পথ ও আবহাওয়ার পরিবর্তন যেমন সমস্যা তৈরি করতে পারে, তেমনি সমুদ্রে পানির গভীরতা, ঢেউ ও শক্তিশালী স্রোত বিপদের কারণ হতে পারে। এর সঙ্গে দীর্ঘ সময় রোদে থাকা, অপরিচ্ছন্ন খাবার ও পানি এবং প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতিও ভ্রমণের আনন্দ নষ্ট করতে পারে। কোথাও বেড়াতে যাওয়ার আগে গন্তব্যের পরিবেশ সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি নিজের শারীরিক অবস্থা ও প্রয়োজনীয় নিরাপত্তার বিষয়গুলোও বিবেচনায় রাখা জরুরি।
ভ্রমণের আগে নিজের শরীরের দিকে নজর
পাহাড়ে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের চাপ কমে এবং শরীরে অক্সিজেনের পরিমাণও কমে যায়। বিশেষ করে বেশি উচ্চতায় দ্রুত উঠলে মাথাব্যথা, ক্লান্তি, বমি বমি ভাব বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে। শারীরিকভাবে ফিট হলেও উচ্চতাজনিত অসুস্থতার ঝুঁকি পুরোপুরি এড়ানো যায় না। যাদের হৃদরোগ, ফুসফুসের সমস্যা, ডায়াবেটিস বা অন্য কোনো দীর্ঘমেয়াদি রোগ রয়েছে, পাহাড়ে যাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। নিয়মিত ওষুধ সেবন করলে প্রয়োজনীয় ওষুধও সঙ্গে রাখতে হবে।
পাহাড়ে উঠতে ও সমুদ্রে নামার আগে সর্তকতা
উচ্চতার সঙ্গে শরীরকে মানিয়ে নেওয়ার জন্য সময় প্রয়োজন। তাই ট্রেকিংয়ের সময় ধীরে ধীরে ওপরে ওঠা নিরাপদ। বেশি উচ্চতায় গিয়ে মাথাব্যথা, বমি, অস্বাভাবিক দুর্বলতা বা শ্বাসকষ্ট শুরু হলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। উপসর্গ বাড়তে থাকলে আরও ওপরে না উঠে দ্রুত নিচু উচ্চতায় নেমে আসতে হবে। দুর্গম পাহাড়ি এলাকায় যাওয়ার আগে আবহাওয়া, যাতায়াতের ব্যবস্থা, স্থানীয় পরিস্থিতি এবং মোবাইল নেটওয়ার্কের অবস্থা জেনে নেওয়াও জরুরি। ঠিক তেমনি সমুদ্রের পানি শান্ত দেখালেও ভেতরে শক্তিশালী স্রোত থাকতে পারে। তাই নির্দিষ্ট ও নিরাপদ এলাকায় সাঁতার কাটতে হবে এবং স্থানীয় লাইফগার্ড বা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে। সতর্কতা বা লাল পতাকা থাকলে পানিতে নামা উচিত নয়। সমুদ্রের তীর থেকে দূরে টেনে নেওয়া স্রোত বা রিপ কারেন্টে পড়ে গেলে আতঙ্কিত হয়ে সরাসরি তীরের দিকে সাঁতার না কেটে স্রোতের সমান্তরালে সরে আসার চেষ্টা করতে হয়।
সঙ্গে রাখুন প্রয়োজনীয় সরঞ্জাম
পাহাড়ে ট্রেকিংয়ের সময় পর্যাপ্ত পানি, শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, টর্চ, পাওয়ার ব্যাংক, প্রয়োজনীয় কাগজপত্র এবং আবহাওয়া অনুযায়ী পোশাক রাখা উচিত। একা দুর্গম পথে না গিয়ে পরিচিত বা প্রশিক্ষিত গাইডের সঙ্গে চলা নিরাপদ। একই সঙ্গে মোবাইল ফোন পর্যাপ্ত চার্জে রাখা এবং জরুরি প্রয়োজনে যোগাযোগের ব্যবস্থা নিশ্চিত করা দরকার।
খাবার ও পানিতে সতর্কতা
ভ্রমণের সময় অপরিচ্ছন্ন পানি ও খাবার থেকে ডায়রিয়া, বমি বা পেটের বিভিন্ন সমস্যা হতে পারে। তাই নিরাপদ ও পরিচ্ছন্ন পানি পান করা এবং খাবারের ক্ষেত্রে পরিচ্ছন্নতার বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত। অপরিচিত উৎসের পানি পান না করাই নিরাপদ। বাইরে খাওয়ার ক্ষেত্রে খাবার ভালোভাবে সংরক্ষণ করা হয়েছে কি না, সেটিও খেয়াল রাখা প্রয়োজন।
রোদ ও গরম থেকেও সাবধান
পাহাড় বা সমুদ্র, দুই জায়গাতেই দীর্ঘ সময় রোদে থাকলে শরীরে পানিশূন্যতা ও অতিরিক্ত গরমের সমস্যা হতে পারে। পর্যাপ্ত পানি পান, হালকা পোশাক পরা এবং দিনের সবচেয়ে তীব্র রোদে দীর্ঘ সময় বাইরে না থাকাই ভালো। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচতে সানস্ক্রিন, সানগ্লাস ও প্রয়োজন অনুযায়ী টুপি ব্যবহার করা যেতে পারে।
আবহাওয়া ও স্থানীয় নির্দেশনা মেনে চলুন
ভ্রমণের আগে গন্তব্যের আবহাওয়া, বৃষ্টি, পাহাড়ি পথের অবস্থা, সমুদ্রের পরিস্থিতি এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা দেখে নেওয়া উচিত। আবহাওয়া খারাপ হলে বা কোনো এলাকা সাময়িকভাবে বন্ধ থাকলে পরিকল্পনা পরিবর্তন করাই নিরাপদ। বিশেষ করে পাহাড়ি ও দুর্গম এলাকায় জরুরি চিকিৎসা বা উদ্ধারসেবা পেতে সময় লাগতে পারে। তাই যাত্রার আগে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে ধারণা থাকা জরুরি।
বিপদের সংকেত উপেক্ষা নয়
পাহাড়ে শ্বাসকষ্ট, মাথাব্যথা, বমি বা অস্বাভাবিক দুর্বলতা দেখা দিলে জোর করে ট্রেকিং চালিয়ে যাওয়া উচিত নয়। একইভাবে সমুদ্রে স্রোত বেড়ে গেলে, আবহাওয়া খারাপ হলে বা কর্তৃপক্ষ পানিতে নামতে নিষেধ করলে নিরাপদ দূরত্বে সরে আসতে হবে। নিজের সক্ষমতার বাইরে কোনো কাজ করতে গিয়ে ঝুঁকি নেওয়া উচিত নয়।
পাহাড়ে ট্রেকিং হোক কিংবা সমুদ্রের পানিতে নামা, আগে থেকে কিছুটা প্রস্তুতি ও সতর্কতা থাকলে অনাকাঙ্ক্ষিত ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। গন্তব্যের আবহাওয়া ও পরিবেশ সম্পর্কে জানা, প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখা এবং স্থানীয় নির্দেশনা মেনে চলার পাশাপাশি শরীরের দেওয়া সতর্ক সংকেতও গুরুত্ব দিতে হবে। নিরাপদ ভ্রমণই শেষ পর্যন্ত ভ্রমণের আনন্দকে পূর্ণ করে।
সূত্র: এনডিটিভি
- বিষয় :
- ভ্রমণ সতর্কতা
- পাহাড়
- সমুদ্র