ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ঘরে বসেই গোল্ড ফেসিয়াল করার উপায়

ঘরে বসেই গোল্ড ফেসিয়াল করার উপায়
×

ছবি: সংগৃহীত

শৈলী ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ১২:৫৮

ভ্যাপসা গরমে ত্বকের বারোটা বাজে। অনেকের ত্বক তেলতেলে ও নিষ্প্রাণ হয়ে যায়। ত্বক ভালো রাখতে তাই তারা ছোটেন পার্লারে। শুধু গরমের হাত থেকে ত্বককে সুরক্ষিত রাখতে নয়, যেকোনো উৎসবের আগে গোল্ড ফেসিয়াল করতে অনেকেই পার্লারে যান। খরচ করেন অনেক টাকা। তবে, সঠিক ধাপ ও কৌশল জানলে কেমিক্যাল পণ্যের ব্যবহার ছাড়া ঘরে বসেই গোল্ড ফেসিয়াল করা সম্ভব। মাত্র চারটি ধাপেই পেয়ে যাবেন নিখুঁত ও সুন্দর ত্বক এমনটাই বলা হয়েছে নিউজ১৮-এর এক প্রতিবেদনে।   

গোল্ড ফেসিয়াল কেন প্রয়োজন? 
ত্বকের কোলাজেন ও ইলাস্টিন উৎপাদন বাড়িয়ে সূক্ষ্ম রেখা ও বলিরেখা কমাতে সাহায্য করে গোল্ড ফেসিয়াল। ম্যাসাজের ফলে মুখের রক্ত সঞ্চালন বাড়ে, যা ত্বককে সুস্থ ও প্রাণবন্ত রাখে। ফেসিয়াল ত্বকের গভীর থেকে লোমকূপ পরিষ্কার করে ময়লা, অতিরিক্ত তেল এবং ক্ষতিকর টক্সিন বের করে। সেইসঙ্গে ত্বককে করে টানটান ও প্রাণবন্ত। 

গোল্ড ফেসিয়ালের চার ধাপ 
ধাপ ১. প্রথমেই ভালো করে মুখ পরিষ্কার করে নিন। ফেশওয়াশ নয়, কাঁচা দুধ এবং তুলা দিয়ে মুখ পরিষ্কার করুন। দুধ শুধু মেকআপ এবং ময়লা দূর করে না, ত্বককে নরম করে এবং দাগ কমাতেও সাহায্য করে। দুধ দিয়ে মুখ পরিষ্কার করলে ত্বক তুলার মতো তুলতুলে হবে।

ধাপ ২. দ্বিতীয় ধাপ হলো স্ক্রাবিং, যা ত্বকের ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস দূর করে এবং ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করে। বাড়িতে স্ক্রাব তৈরি করতে একটি পাত্রে চিনি, মধু এবং লেবুর রস মিশিয়ে নিন। চিনি একটি প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট, যা ত্বকের মৃত কোষ দূর করে। মধু ত্বকে পুষ্টি জোগায় এবং লেবুর রস প্রাকৃতিক ব্লিচ। এই মিশ্রণটি মুখে ৫-৬ মিনিটের জন্য আলতোভাবে ম্যাসাজ করুন এবং তারপর ঠান্ডা  পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ধাপ ৩. তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হলো মুখে স্টিম নেওয়া। স্টিম ত্বকের ছিদ্র খুলে ময়লা গভীরভাবে পরিষ্কার করে। চাইলে স্টিম পানিতে লবঙ্গ, লেবুর রস বা নিম পাতাও মেশাতে পারেন।

ধাপ ৪. গোল্ড ফেসিয়ালের শেষ ধাপে একটি পাত্রে এক চামচ নারকেল তেল, মধু, লেবুর রস, আধা চামচ হলুদ এবং এক চামচ দই মিশিয়ে নিন। এই মিশ্রণটি ভালো করে ফেটিয়ে মুখে লাগান। পাঁচ মিনিট রেখে দিন। পরে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বক আগের চেয়ে অনেকটা উজ্জ্বল হবে। দূর হবে কালচে ভাব। 

আরও পড়ুন

×