ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

রান্নায় সিলিন্ডার গ্যাসের খরচ কমাবেন যেভাবে

রান্নায় সিলিন্ডার গ্যাসের খরচ কমাবেন যেভাবে
×
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ১৫:০৮

যে হারে সিলিন্ডার গ্যাসের দাম বাড়ছে তাতে হিমশিম খাচ্ছেন সবাই। রান্না করা থেকে শুরু করে পানি গরম করা— প্রতিদিনের নানা কাজে গ্যাস সিলিন্ডার অত্যন্ত প্রয়োজনীয়। সহজ কিছু কৌশল জানা থাকলে খরচ কমানো সম্ভব। যে সিলিন্ডার গ্যাস দিয়ে হয়তো ২০ দিন যেত তা দিয়ে ২৫ দিন চালানো যাবে। এতে কিছুটা সাশ্রয়ও হবে। যেমন-

ঢেকে রান্না করুন
রান্নার সময় পাত্রে ঢাকনা ব্যবহার করলে গ্যাস সাশ্রয় হতে পারে। ঢাকনা দিলে পাত্রের ভিতরের তাপ সহজে বাইরে বেরিয়ে যেতে পারে না। এর ফলে খাবার দ্রুত সেদ্ধ বা রান্না হয়। তাতে গ্যাসের খরচও কমতে পারে। পানি ফোটানো থেকে শুরু করে ভাত বা তরকারি রান্নার সময় সম্ভব হলে পাত্র ঢেকে রাখুন।

পাত্রের আকার অনুযায়ী আঁচ
প্রয়োজনের তুলনায় বেশি আঁচ দিলে গ্যাস অপচয় হয়। রান্নার সময় আগুনের শিখা যেন পাত্রের তলার মধ্যেই থাকে এবং চারপাশ দিয়ে বাইরে বেরিয়ে না আসে সেদিকে লক্ষ্য রাখুন। পাত্রের আকার অনুযায়ী উপযুক্ত বার্নার ও আঁচ ব্যবহার করলে তাপ সরাসরি পাত্রে পৌঁছয়, এতে অপচয় কম হয়।

বার্নার পরিষ্কার রাখুন 
বার্নারের ছিদ্রে তেল, মসলা বা খাবারের কণা জমে গেলে আগুন ঠিক করে বেরোতে পারে না। এতে গ্যাসের খরচ বাড়তে পারে। তাই নিয়মিত বার্নার পরিষ্কার করুন এবং ছিদ্রগুলি পরীক্ষা করুন। আগুনের রং বা ধরন দীর্ঘদিন অস্বাভাবিক থাকলে বার্নার পরীক্ষা করানো ভালো।

সব রান্নায় বেশি আঁচ নয়
অনেকেই মনে করেন বেশি আঁচে রান্না করলে দ্রুত খাবার তৈরি হবে। সেই সঙ্গে গ্যাস বাঁচবে। বাস্তবে সব রান্নার ক্ষেত্রে এই পদ্ধতি ঠিক নয়। ডাল,সবজির মতো কিছু পদ রান্নার সময় প্রয়োজন অনুযায়ী মাঝারি বা কম আঁচ ব্যবহার করুন। যখন বেশি আঁচ সত্যিই প্রয়োজন,তখনই শুধু তা ব্যবহার করুন। 

একসঙ্গে রান্নার প্রস্তুতি নিন
দিনে বার বার রান্না বা খাবার গরম করার বদলে সম্ভব হলে একসঙ্গে কিছুটা বেশি পরিমাণে রান্না করে রাখতে পারেন। এতে বার বার গ্যাস জ্বালানোর প্রয়োজন কমে। সেই সঙ্গে জ্বালানিও সাশ্রয় হতে পারে।

রান্না প্রায় হয়ে গেলে আঁচ বন্ধ করুন
কিছু খাবার গ্যাস বন্ধ করার পরও পাত্রের অবশিষ্ট তাপে কিছুক্ষণ রান্না হতে থাকে। তাই ভাত বা ধীর আঁচে রান্না হওয়া কিছু পদ প্রায় তৈরি হয়ে গেলে গ্যাস বন্ধ করে ঢেকে রাখুন।  তবে খাবার পুরোপুরি সেদ্ধ বা নিরাপদ ভাবে রান্না হয়েছে কি না, সেদিকে লক্ষ্য রাখুন। 

গ্যাস লিকেজকে অবহেলা নয়
সিলিন্ডার অস্বাভাবিক দ্রুত শেষ হলে শুধু রান্নার অভ্যাসকেই দায়ী করবেন না। পাইপ, রেগুলেটর বা সংযোগে লিকেজ থাকলেও গ্যাস কমে যেতে পারে। পাইপে ফাটল বা সংযোগে সমস্যা দেখলে প্রশিক্ষিত টেকনিশিয়ানের সাহায্য নিন। গ্যাসের গন্ধ পেলে আগুন, দেশলাই এবং বৈদ্যুতিক সুইচ থেকে দূরে থাকুন। সূত্র: এই সময়

আরও পড়ুন

×