সবকিছু ভুলে যাচ্ছেন? স্মৃতিশক্তি বাড়াতে খান ৬ খাবার
ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ | ১৬:৩২ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ | ১৭:৪৬
অনেকেই ভুলে যাওয়ার সমস্যায় ভোগেন। মানসিক চাপ, ঘুমের অভাব, পুষ্টির ঘাটতি অথবা স্নায়বিক ও শারীরিক সমস্যার কারণে ভুলে যাওয়ার সমস্যা বাড়ে। মস্তিষ্ক বিরামহীন ভাবে কাজ করে চলে। অর্থাৎ কাজের চাপ সামলানো, নতুন কিছু শেখা, সিদ্ধান্ত নেওয়া, স্মৃতি ধরে রাখা থেকে শুরু করে আবেগ নিয়ন্ত্রণ— প্রতিটি ক্ষেত্রেই মস্তিষ্কের ভূমিকা অপরিসীম। অথচ প্রতিদিনের খাবারে তার প্রয়োজনীয় পুষ্টি জোগানোর বিষয়টি অনেক সময়েই অবহেলিত থেকে যায়। ভারতের পুষ্টিবিদ অঞ্জলি মুখোপাধ্যায় মস্তিষ্কের সুস্থ কার্যকারিতার জন্য প্রয়োজনীয় কয়েকটি পুষ্টির কথা বলেছেন। তাঁর মতে, একই ধরনের খাবারের উপর নির্ভর না করে ডায়েটে শাকপাতা, ডাল, বাদাম, বীজ, দানাশস্য এবং বিভিন্ন প্রোটিনের উৎস রাখা জরুরি। কারণ, প্রতিটি খাবার থেকে শরীর আলাদা আলাদা পুষ্টি পায়।
মস্তিষ্কের সুস্থতার জন্য কোন কোন উপাদান গুরুত্বপূর্ণ?
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড: মস্তিষ্কের কোষের গঠন এবং এক কোষ থেকে অন্য কোষে স্নায়বিক বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৈলাক্ত মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস। মাছ ছাড়াও খাদ্যতালিকায় রাখতে পারেন তিসির বীজ, চিয়া বীজ এবং আখরোট। যারা নিয়মিত মাছ খান না, তাদের জন্য এই উদ্ভিজ্জ উৎস কাজে আসতে পারে।
কোলিন: মস্তিষ্কের স্মৃতি ও স্নায়ুর মধ্যে যোগাযোগের সঙ্গে জড়িত কোলিন। এটি অ্যাসিটাইলকোলিন নামক একটি নিউরোট্রান্সমিটার তৈরিতে সাহায্য করে। এই নিউরোট্রান্সমিটার শেখা, মনে রাখা এবং স্নায়বিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ডিম কোলিনের অন্যতম ভালো উৎস। এছাড়া সয়াবিন, টোফু, দুধ এবং চিনেবাদাম থেকেও এই উপাদান পাওয়া যায়।
বি ভিটামিন: শরীরে শক্তি উৎপাদন, নিউরোট্রান্সমিটার তৈরি এবং স্নায়ুর স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে বি ভিটামিনের ভূমিকা রয়েছে। এই ভিটামিনের ঘাটতি হলে শরীরের পাশাপাশি স্নায়ুতন্ত্রের কার্যকারিতাও প্রভাবিত হতে পারে। ডাল, শাকপাতা, দানাশস্য, ডিম এবং দুগ্ধজাত খাবার বি ভিটামিনের ভালো উৎস।
আয়রন: মস্তিষ্কের ঠিক ভাবে কাজ করার জন্য পর্যাপ্ত অক্সিজেন প্রয়োজন। আর শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজে আয়রনের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাছাড়া স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যকারিতার সঙ্গেও এই খনিজের যোগ রয়েছে। আয়রনের ঘাটতি হলে ক্লান্তি, দুর্বলতা এবং মনোযোগের সমস্যার মতো উপসর্গ দেখা দিতে পারে। ডাল, বিন্স, তিল, শাকপাতা এবং মাংস আয়রনের ভালো উৎস। তবে উদ্ভিজ্জ উৎস থেকে পাওয়া আয়রন শরীরে ভালোভাবে শোষিত হওয়ার জন্য ভিটামিন সি-সমৃদ্ধ খাবার খাওয়া যেতে পারে।
ম্যাগনেশিয়াম: স্নায়ুর মধ্যে বার্তা আদানপ্রদান এবং মস্তিষ্কের কোষগুলোর স্বাভাবিক যোগাযোগ বজায় রাখতে ম্যাগনেশিয়াম প্রয়োজন। শরীরের অসংখ্য জৈবিক প্রক্রিয়াতেও এই খনিজের ভূমিকা রয়েছে। বাদাম, বিভিন্ন বীজ, ডাল, দানাশস্য এবং শাকসবজি থেকে এই খনিজ পাওয়া যায়।
জিঙ্ক: মস্তিষ্কের কোষগুলোর মধ্যে সঙ্কেত আদানপ্রদান এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখতে জিঙ্কের দরকার। শরীরের বিভিন্ন কোষের কার্যকারিতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখার ক্ষেত্রেও এই খনিজের ভূমিকা রয়েছে। কুমড়ার বীজ, তিল, বিন্স, ডিম, দুগ্ধজাত খাবার এবং সামুদ্রিক খাবার জিঙ্কের ভালো উৎস।
সূত্র: আনন্দবাজার
- বিষয় :
- খাবার